মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই তা মানে না : খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i121614-মোদী_সরকার_মুখে_গণতন্ত্রের_কথা_বলে_কিন্তু_নিজেরাই_তা_মানে_না_খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই তা মানে না। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০২৩ ১৪:৪২ Asia/Dhaka
  • মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই তা মানে না : খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নিজেরাই তা মানে না। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।   

আজ সম্মিলিত বিরোধীদের ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচিতে দিল্লির সংসদ ভবন চত্বর থেকে হেঁটে হেঁটে বিরোধী নেতারা পৌঁছন বিজয় চকে। এর পর তারা কনস্টিটিউশন ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানেই কেন্দ্রীয় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার অভিযোগ, মোদী সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও নিজেরাই তা মানে না। বিরোধীরাই গণতন্ত্র এবং সংবিধানকে আগলে রেখে যাচ্ছে।

কংগ্রেস সভাপতির অভিযোগ, এ রকম চলতে থাকলে গণতন্ত্রের মৃত্যু অবধারিত। তিনি বলেন, ‘এর পর আমরা একনায়কতন্ত্রের দিকে আরও এক ধাপ এগিয়ে যাব।’ খাড়গে বলেন, ‘আপনারা সবাই দেখলেন, ৫০ লাখ কোটি টাকার বাজেট পাশ করিয়ে নেওয়া হল মাত্র ১২ মিনিটের মধ্যে! ওরা (বিজেপি) বার বার অভিযোগ করে, সংসদ চালাতে বিরোধীদেরই কোনও উৎসাহ নেই। তা হলে ১২ মিনিটে বাজেট পাশ হয় কী করে?

তিনি বলেন, ‘শাসকদলই সমস্যা তৈরি করছে। যখনই আমরা কোনও দাবি জানাই, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমার ৫২ বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনা আগে কখনও দেখিনি। গত দুই বছর ধরে দেখছি, ক্ষমতাসীন দলের লোকেরা নিজেরাই সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। আসলে, সরকারের উদ্দেশ্যই ছিল, বাজেট অধিবেশনে যেন বিরোধীরা একটি কথাও বলতে না পারেন। সেই ব্যবস্থাই করা হয়েছে।’

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস এবং তার সহযোগীরা খুব অন্যায়ভাবে হয়রানি করেছে এবং সংসদের কাজ করতে দেয়নি। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এমপি পাল্টা জবাবে বলেছেন, সরকার নিজেরাই সংসদের কাজ   করতে দেয়নি। তিনি প্রশ্ন করেন, বিজেপি আদানি কেলেঙ্কারি নিয়ে আলোচনা করতে চায় না কেন?

আজ দিল্লিতে ‘তিরঙ্গা যাত্রা’ বা জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় কংগ্রেসের পাশাপাশি ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, এনসিপি এবং বামপন্থীরা শামিল হয়েছিলেন। সংসদ ভবন চত্বর থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে তারা বিজয় চকে পৌঁছন। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৬

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।