সরকারি জোটে যোগ দিতে চাপ সৃষ্টি করাই লক্ষ্য: কুণাল ঘোষ
দুর্নীতির অভিযোগে গ্রেফতার অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নাইডু
তৃণমূলেরভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি’র (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করেছে সিআইডি। আজ (শনিবার) সকালে দক্ষতা উন্নয়ন কর্মসূচি বা স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে।
নান্দিয়াল জেলার পুলিশ এবং সিআইডি তাকে গ্রেফতার করেছে বলে দলের এক মুখপাত্র জানিয়েছেন। পূর্ব গোদাবরী জেলায় তার ছেলে নারা লোকেশকেও আটক করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ। জানা গেছে, কমপক্ষে ৩৭১ কোটি টাকার দুর্নীতি মামলায় অভিযুক্ত টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু। ২০২১ সালে এই বিষয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিস।
সম্প্রতি দলীয় কর্মসূচির জন্য অন্ধ্র প্রদেশের নান্দিয়ালে গিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। সেখানেই একটি জনসভায় বক্তব্য দেওয়ার পর নিজের ভ্যানিটি ভ্যানে বিশ্রাম করছিলেন তিনি। আজ ভোরবেলা জেলা পুলিসকে সঙ্গে নিয়ে সেখানেই হানা দেয় সিআইডি। সকাল ৬ টা নাগাদ ভ্যানিটি ভ্যান থেকেই চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট সরকারকে টার্গেট করে বলেন, ‘যেহেতু চন্দ্রবাবু নাইডু এখনও পর্যন্ত সরকারিভাবে ‘এনডিএ’ জোটে নাম লেখাননি, সেই কারণেই হয়ত চাপ সৃষ্টির জন্য ভয় দেখাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ধরণের কথা উঠে আসছে।
অর্থাৎ, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট তৈরি হওয়ার পর থেকে ‘এনডিএ’ চাপে পড়েছে। তারা ইন্ডিয়ায় অন্তর্ভুক্ত দল, এবং যারা ইন্ডিয়া বা এনডিএতে সেই অর্থে নেই, এনডিএতে এখনও নাম লেখায়নি, তাদের উপর চাপ সৃষ্টি করে নিজেদের দিকে আনার জন্য বিভিন্ন ধরণের ধরপাকড়, অভিযোগ, তদন্ত, এজেন্সির অপব্যবহার করছে।
চন্দ্রবাবু নাইডু একটা সময়ে তথ্য প্রযুক্তির বিকাশে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছেন। যারা যারা দেশের মধ্যে এসব করেছেন তাদের মধ্যে একজন নিশ্চিতভাবে চন্দ্রবাবু নাইডু। এখন তারই অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা, এতদিন বাদে কেন?’‘আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, যেহেতু এখনও পর্যন্ত সরকারিভাবে সরাসরি চন্দ্রবাবু নাইডুকে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’তে আনা সম্ভব হয়নি, সেজন্য চাপ সৃষ্টি করতে তার ছেলেকে আটক করা, তাকে গ্রেফতার করা হয়েছে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
এদিকে, চন্দ্রবাবুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্র প্রদেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে টিডিপি সমর্থকেরা। সড়ক অবরোধ, কুশপুত্তলিকা পোড়ানো থেকে শুরু করে ধর্না-অবস্থান কর্মসূচি পালন করছেন দলীয় কর্মী-সমর্থকেরা। দলটির পক্ষ থেকে ওই বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।