বিজেপি এমপি শুধু একটি সম্প্রদায়কে নয়, গণতন্ত্রকে বিব্রত করেছেন: দানিশ আলি
-
দানিশ আলি এমপি
বহুজন সমাজ পার্টির নেতা দানিশ আলি এমপি বিজেপি নেতা রমেশ বিধুরি এমপি’র আপত্তিকর বক্তব্য সম্পর্কে বলেছেন, বিজেপি এমপি শুধু একটি সম্প্রদায়কে নয়, গণতন্ত্রকে বিব্রত করেছেন।
তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন। দানিশ আলি এমপি বলেন, এতদিন সড়কে মারধরের ঘটনা ঘটত, কিন্তু এখন হাউসেও (সংসদে) লিঞ্চিংয়ের ঘটনা ঘটতে শুরু করেছে। প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপির ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ একটি ভিত্তিহীন অভিযোগ এনেছে যে আমি এমন একটি মন্তব্য করেছি যা রমেশ বিধুরিকে ক্ষুব্ধ করেছে। কিন্তু সত্য হলো প্রধানমন্ত্রী পদের মর্যাদা বাঁচাতে কাজ করেছি।
বিজেপিকে টার্গেট করে দানিশ আলি এমপি বলেন, গণমাধ্যমে দেখেছি কীভাবে একটি আখ্যান তৈরির চেষ্টা করা হচ্ছে। সংসদের ভেতরে মৌখিক মারধরের ঘটনা ঘটেছে। তারা আমাকে মেরে ফেলতে চায়। তারা মানুষকে উত্তেজিত করতে চায়। আমার ফোনেও হুমকি মেসেজ আসছে। এতদিন সড়কে মারধরের ঘটনা ঘটত, কিন্তু এখন সদনেও (সংসদে) মারধরের চেষ্টা শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সংসদের নিম্নকক্ষ লোকসভায় চন্দ্রযানের সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন আচমকা ক্ষেপে গিয়ে বিজেপি এমপি রমেশ বিধুরি চিৎকার করে বিএসপি নেতা দানিশ আলি এমপিকে বলেন, ‘তুই হচ্ছিস মোল্লা উগ্রবাদী, কাটুয়া (খতনাকারী), ভাড়ুয়া (পতিতাদের দালাল) ইত্যাদি। এ ছাড়া তিনি বলেন, বাহার ফেঁকো ইস মোল্লাকো।
রমেশ বিধুরি আরও বলেন, ‘ইয়ে উগ্রবাদী হ্যায়, ইয়ে আতঙ্কবাদী (সন্ত্রাসী) হ্যায়’। এ সময়ে অবশ্য অন্য বিজেপি এমপিরা বিজেপি এমপি রমেশ বিধুরির কুমন্তব্যের প্রতিবাদ করেননি। বরং, কেউ কেউ এ সময়ে হেসেছেন বলেও অভিযোগ উঠেছে। এর পর থেকে ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। লোকসভার স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় কিছু নেতা বিজেপি এমপি রমেশ বিধুরির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৪