মোদী সরকার যদি নারীর ক্ষমতায়ন নিয়ে ঐকান্তিক নয়: কংগ্রেস
কংগ্রেসি দুঃশাসন থেকে মুক্তির বিউগল বাজিয়েছে রাজস্থানীরা : মোদী
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসশাসিত রাজস্থান সরকার সম্পর্কে বলেছেন, রাজস্থানের জনগণ কংগ্রেসের দুঃশাসন থেকে মুক্তি পেতে বিউগল বাজিয়ে দিয়েছে।
তিনি আজ (সোমবার) রাজস্থানের রাজধানী জয়পুরে এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেস গত ৫ বছরে যে ধরণের সরকার চালিয়েছে তা শূন্য পাওয়ার যোগ্য। রাজস্থানের মানুষ গেহলট সরকারকে সরিয়ে বিজেপিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাজস্থানে এবার পরিবর্তন হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি এমন সময়ে জয়পুরে এসেছি যখন ভারতের গৌরব তুঙ্গে রয়েছে। ভারত চাঁদের সেই পৃষ্ঠে পৌঁছেছে যেখানে আর কেউ যেতে পারেনি। ভারতের বীরত্বে বিস্মিত হয়েছে গোটা বিশ্ব!
সম্প্রতি সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নয়া সংসদ ভবনের প্রথম কাজ মা ও বোনেদের উৎসর্গ করেছে। বহু দশক ধরে আটকে থাকা মহিলা সংরক্ষণ বিলের অধিকার আমার দ্বারা নয়, আপনাদের ভোটের শক্তিতে পাওয়া গেছে। আমি কিছুই করিনি, আমি শুধু আপনাদের সেবার নিশ্চয়তা দিয়েছি এবং আমি সেই নিশ্চয়তা পূরণ করেছি। যে কংগ্রেসিরা মহিলা সংরক্ষণের কথা বলছেন, তারা ৩০ বছর আগে এই কাজটি করতে পারতেন, কিন্তু এটা হোক তা কংগ্রেসিরা কখনও চাননি।
অন্যদিকে, আজ কংগ্রেসের জাতীয় মুখপাত্র, অলকা লাম্বা রাজ্য কংগ্রেসের সদর দফতর, জয়পুরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, নারীর ক্ষমতায়নের ভানকারী মোদী সরকার 'মহিলা সংরক্ষণ বিল'-এর আকারে দেশকে আরেকটি জুমলা (মিথ্যা প্রতিশ্রুতি/ভাঁওতা) দিয়েছে। মোদী সরকার যদি নারীর ক্ষমতায়ন নিয়ে ঐকান্তিক হতো, তাহলে আজ কোনো শর্ত ছাড়াই নারী সংরক্ষণ কার্যকর করত। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও ভাঁওতায় পরিণত হয়েছে বলে আজ রাজস্থান কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।