পাল্টা জবাবে সৌমিত্র খাঁ
বিজেপি নেতাদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি সত্ত্বেও তদন্ত হচ্ছে না: শশী পাঁজা
পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ডা. শশী পাঁজা বিজেপি নেতাদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে সোচ্চার হয়েছেন। তার অভিযোগ- বিজেপি নেতাদের অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কোনো তদন্ত করছে না।
তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’, ‘ইডি’র বিষয়ে বলেন, এ গুলোকে ব্যবহার করা যায় আবার অপব্যবহারও করা যায়। কিন্তু বিজেপির ৬ নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও তাদের কাছে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নোটিশ যাচ্ছে না, তাদেরকে ডেকে পাঠানোও হচ্ছে না। এসময়ে ডা. শশী পাঁজা বিজেপি নেতা-মন্ত্রীদের নাম উল্লেখ করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এমপি, বিজেপিতে যোগ দেওয়া এমপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সৌমিত্র খাঁ, জগদম্বিকা পাল, হিমন্তবিশ্ব শর্মার (অসমের মুখ্যমন্ত্রী) অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি হলেও সিবিআই-ইডি কেউ পৌঁছয় না।’ তৃণমূল নেত্রী ও রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা এসব নামের পাশাপাশি বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী পরিবারের কথা উল্লেখ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পরিবারের নাম না করে বলেন, কাদের ৬০/৭০/৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রোল পাম্প আছে, আমরা সে সব কাগজপত্র বের করছি। এতদিন করিনি। এ বার করছি। তারা বড় বড় কথা বলে কী করে?
পাল্টা মন্তব্যে শুভেন্দু অধিকারী দাবি করেন, মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে পেট্রোল পাম্পসহ তার পরিবারের নানা বৈধ ব্যবসা রয়েছে।
এদিকে আজ মন্ত্রী শশী পাঁজার অভিযোগের পাল্টা জবাবে আজ বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেছেন, উনি সামনাসামনি কথা বলুক। ওর মালিক চুরি করেছে বলে আমিও চুরি করেছি সেটা নয়। প্রমাণ করতে পারলে শশী পাঁজাকে পুরস্কৃত করব। ওরা চোরের সঙ্গে থাকতে থাকতে সবাইকে চোর ভাবছে। পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছেন যারা স্বচ্ছভাবে রাজনীতি করে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। #
এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন