দিল্লিতে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন নরেন্দ্র মোদি
https://parstoday.ir/bn/news/india-i35776-দিল্লিতে_শেখ_হাসিনাকে_উষ্ণ_অভ্যর্থনা_জানালেন_নরেন্দ্র_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ০৭:০০ Asia/Dhaka
  • দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শুক্রবার) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বোয়িং ৭৭৭ আকাশ প্রদীপ’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ অসামরিক-সামরিক ঊর্ধতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভারতে প্রধানমন্ত্রীর ৩৫১ জন সফরসঙ্গীর মধ্যে রয়েছেন সরকারের ছয় মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রী, সচিব ও সচিব পর্যায়ের ২৫ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগ থেকে অন্তত ৯৫ জন। এছাড়া, ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ২৫৭ সদস্যের প্রতিনিধিও রয়েছেন। 

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টা ৫ মিনিটে নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায়। সেখানে তাকে উষ্ণ সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দদের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি ভারতের প্রেসিডেন্ট ভবনে যাবেন। এ সফরকালে তিনি সেখাই থাকবেন।

শেখ হাসিনার সঙ্গে করমর্দন করছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর সফরসূচি

শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। একই দিন বিকালে তিনি দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে। বাংলাদেশ হাউসে তার সম্মানে নৈশভোজের আয়োজনও থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের দ্বিতীয় দিনে শনিবার প্রেসিডেন্ট ভবনে গার্ড অব অনার প্রদান করা হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন।

তারপর শেখ হাসিনা রাজঘাটে অবস্থিত গান্ধী স্মৃতি সৌধে যাবেন। সেখানে পরিদর্শন বইয়ে সই করবেন। তারপর হায়দরাবাদ হাউসে প্রথমেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। তারপর শুরু হবে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক।

আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর হায়দরাবাদ হাউসেই দুই দেশের মধ্যে বিভিন্ন চুক্তি, সমঝোতা স্মারক (এমওইউ) ও দলিল সই হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ বিবৃতি দেবেন।

এ অনুষ্ঠানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করবেন। একই দিনে বিকাল সাড়ে ৩ টায় মানেকশ সেন্টারে সম্মাননা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছেন তাদের সম্মাননা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধে ১৬৬১ জন ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সাতজনের পরিবারের সদস্যদের মধ্যে এ সম্মাননা তুলে দেবেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী অবশিষ্ট ভারতীয় সৈন্যদের পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সম্মাননা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এছাড়া হোটেল তাজ প্যালেসে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এছাড়া ভারত-বাংলাদেশ ফাউন্ডেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে। প্রধানমন্ত্রী আজমির শরীফে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) মাজার জিয়ারত করবেন। আগামী সোমবার বিকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সফর করেন। এবারের সফরকে নানা দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফর ঘিরে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এরই মধ্যে ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরকালে দু’দেশের মধ্যে ৩৩টি চুক্তি, এমওইউ ও দলিল সই হবে। তবে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই।#  

পার্সটুডে/এআর/৭