প্রয়োজনে ভারতীয় সেনা কর্মকর্তারা মানবঢাল ব্যবহার করতে পারেন: রাওয়াত
ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, পরিস্থিতির প্রয়োজনে মানব ঢাল ব্যবহার করার অনুমতি ভারতীয় সেনা কর্মকর্তাদের দেয়া আছে। তবে ভারতীয় সেনাবাহিনীতে স্বাভাবিক পরিস্থিতিতে মানব ঢাল ব্যবহার করার চল নেই।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মানব ঢাল ব্যবহারকারী ভারতীয় সেনাবাহিনীর মেজর গগৈকে পুরস্কৃত করার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিবিদ ও মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার ধারাবাহিকতায় নতুন করে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সাধারণ ভাবে মানব ঢাল ব্যবহার করা হয় না বা এটি ঢালাও ব্যবহারের অনুমোদনও ভারতীয় সেনাবাহিনী দেয় না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মেজর গগৈ স্বতন্ত্রভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। ওই পরিস্থিতি তার পেছনের দিকে তাকানোর বা নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করার অবস্থা ছিল না বলেও জানান তিনি।
এ ছাড়া, ট্রিগার হ্যাপি বা গুলি করতে পছন্দ করে বলে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয় তাও নাকচ করে দেন তিনি। তিনি বলেন, জম্মু এবং কাশ্মিরে সহিংসতাকে হ্রাস করতে এবং সবপক্ষের মধ্যে অর্থবহ সংলাপের পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেন, সংলাপ এবং সহিংসতা পাশাপাশি চলতে পারে না।
কাশ্মিরে জনগণ ভারতীয় সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধ বলে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরকেও নাকচ করে দেন তিনি। পাশাপাশি তিনি আরো দাবি করেন, বুরহান ওয়ানিও মতো জনপ্রিয় গেরিলা নেতাদের হত্যা করায় কোনো দোষ নেই।
এর আগে কাশ্মিরে এক যুবককে সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে শ্রীনগর শহরে ঘোরানোর ঘটনাকে তিনি সৃজনশীল পদ্ধতি বলে প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, জম্মু-কাশ্মিরে ভারতীয় বাহিনী ‘নোংরা যুদ্ধের’ মুখে পড়েছে। ‘সৃজনশীলতার’ মাধ্যমে এ যুদ্ধে লড়তে হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৮