কোলকাতায় ট্রাম্পের সফরের বিরুদ্ধে বিক্ষোভ; দিল্লিতে সংঘর্ষে নিহত ৪
https://parstoday.ir/bn/news/india-i77722-কোলকাতায়_ট্রাম্পের_সফরের_বিরুদ্ধে_বিক্ষোভ_দিল্লিতে_সংঘর্ষে_নিহত_৪
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের মতো সাম্রাজ্যবাদীকে ভারতে দেখতে চান না সেদেশের অনেকেই। এ কারণে তারা ‘গো-ব্যাক ট্রাম্প’ বলে স্লোগান দিয়েছেন, ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ২১:৪৮ Asia/Dhaka
  • দিল্লিতে নাগরিকত্ব আইনের সমর্থকরা এক মুসলমান বিক্ষোভকারীকে পেটাচ্ছে (রয়টার্সের ছবি)
    দিল্লিতে নাগরিকত্ব আইনের সমর্থকরা এক মুসলমান বিক্ষোভকারীকে পেটাচ্ছে (রয়টার্সের ছবি)

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের মতো সাম্রাজ্যবাদীকে ভারতে দেখতে চান না সেদেশের অনেকেই। এ কারণে তারা ‘গো-ব্যাক ট্রাম্প’ বলে স্লোগান দিয়েছেন, ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়েছেন।

পশ্চিমবঙ্গের ১২টি বাম ও যুব সংগঠনের নেতা-কর্মীরা সোমবারের বিক্ষোভের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে লেখা বিভিন্ন পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলটি কলকাতার মার্কিন তথ্যকেন্দ্রের দিকে রওনা দিলে পার্ক স্ট্রিটের কাছে পুলিশ আটকে দেয়।

কোলকাতার বাইরে বিভিন্ন জেলাতেও বিক্ষোভ হয়েছে। পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই কলকাতাসহ বিভিন্ন জেলায় ট্রাম্পবিরোধী বিক্ষোভের আয়োজন করে। বিকেলে কলকাতার ধর্মতলায় তারা এক সমাবেশ করে।

এ ছাড়া সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে দুই দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তারাও ধ্বনি তুলেছে ‘গো-ব্যাক ট্রাম্প’।

সোমবার দুদিনের সফরে ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, ট্রাম্পের সফরের মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘর্ষে এক পুলিশসহ চার জন নিহত হয়েছে। নিহত পুলিশের নাম রতন লাল।

এছাড়া আহত মহম্মদ ফুরকান নামে এক সাধারণ নাগরিক হাসপাতালে মারা গেছে।সংঘর্ষে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলের  দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। এছাড়া আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।