করোনা এড়াতে ভারতের ভিসা বাতিল, পেট্রাপোল দিয়ে বিদেশিদের যাতায়াত বন্ধ
-
পেট্রাপোল সীমান্ত
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। এরফলে আগামীকাল (শুক্রবার) বিকেল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশের মধ্যে যাতায়াত বিঘ্নিত হতে পারে।
পেট্রাপোল সীমান্তে হরিদাসপুর অভিবাসন দফতরের মুখ্য কর্মকর্তা জয়ন্ত বিশ্বাস আজ (বৃহস্পতিবার) বলেন, ‘কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী ১৩ মার্চ বিকেল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত যেসব ভিসা ইতোমধ্যেই ইস্যু হয়েছে তা সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ এই দিনের মধ্যে কোনও বিদেশি এখন এখানে আসতে পারবেন না। তাঁরা যদি জরুরি ভিসায় আসতে চান তাহলে আমাদের যে হাইকমিশন অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন। কূটনৈতিক ও কয়েকটি বিশেষ ক্যাটেগরি ছাড়া সাধারণ যেসব ভিসা দেওয়া হয়েছে তা সাসপেন্ড করা হয়েছে।’
তিনি অবশ্য বলেন, ‘যারা এরইমধ্যে এদেশে এসেছেন তাঁরা ফিরে যেতে পারবেন। তাদের কোনও ভয়ের কারণ নেই। যেসব ভারতীয় বাইরে আছেন তাঁরা ফিরে আসতে পারবেন। কিন্তু তাদের মধ্যে যদি সন্দেহজনক কিছু দেখা যায় তাহলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
‘প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করে দেখা হচ্ছে। সবার ভালোর জন্যই সরকার ওই পদক্ষেপ গ্রহণ করেছে বলেও হরিদাসপুরের মুখ্য অভিবাসন দফতরের আধিকারিক জয়ন্ত বিশ্বাস মন্তব্য করেন।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিবাসন দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে সেজন্য পেট্রাপোল সীমান্তের মুদ্রা বিনিময় ব্যবসায়ীরা হতাশ হয়েছেন। বাপ্পা ঘোষ নামে এক ব্যবসায়ী জানান, ‘মূলত বৈদেশিক মুদ্রার ওপরে পেট্রাপোলের যে ব্যবসা দাঁড়িয়ে আছে তা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশি যাত্রীরা যদি না আসতে পারেন সীমান্তের অর্থনীতিতে আঘাত আসবে।’
অন্যদিকে, ভারত-বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে আমদানি-রফতানির পণ্যবাহী ট্রাকের যাতায়াতে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে জানা গেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।