জম্মু-কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত
https://parstoday.ir/bn/news/india-i82755-জম্মু_কাশ্মীরে_পাক_বাহিনীর_গুলিতে_ভারতীয়_সেনা_কর্মকর্তা_নিহত
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজেশ কুমার (৪১) নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বুধবার) পাক বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ওই কর্মকর্তা প্রাণ হারান। কাশ্মীরে এনিয়ে বিগত ৪ দিনের মধ্যে দু’জন সেনা কর্মকর্তা পাক বাহিনীর গুলিবর্ষণের ফলে নিহত হলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২০ ১৬:০৭ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজেশ কুমার (৪১) নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (বুধবার) পাক বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় ওই কর্মকর্তা প্রাণ হারান। কাশ্মীরে এনিয়ে বিগত ৪ দিনের মধ্যে দু’জন সেনা কর্মকর্তা পাক বাহিনীর গুলিবর্ষণের ফলে নিহত হলেন।

গত (রোববার) রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় পাক বাহিনীর গুলিতে ‘জেসিও’ পদমর্যাদার রাজিন্দর সিং নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। তিনি কলসিয়ান সেক্টরে একটি ফরোয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন।  

সেনা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, আজ পাকিস্তানি বাহিনী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় তারকুন্ডি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এসময় পাকিস্তানি সেনারা মর্টার হামলাসহ ছোটো অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করে। ওই ঘটনায় জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হন। তিনি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন। গুরুতর আহত অবস্থায় ওই সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই তিনি প্রাণ হারান। ভারতীয় সেনারা পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে কঠোর ও কার্যকরভাবে জবাব দিয়েছে। 

পাক বাহিনীর ওই হামলায় এলওসি লাগোয়া ভারতীয় গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। বান্দিপোরার গুরেজে যুদ্ধবিরতি লঙ্ঘনজনিত কারণে বাগতুর গুরেজ গ্রামে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৩ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাক সেনাদের মর্টার নিক্ষেপের ফলে একটি  সরকারি স্কুলের পাশাপাশি মাদ্রাসার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে জানানো হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।