জম্মু-কাশ্মীরের যুবকদের কর্মসংস্থান না থাকায় অস্ত্র তুলে নিচ্ছে : মেহেবুবা
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনও কর্মসংস্থান পাননি। সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। সন্ত্রাসী ক্যাম্পে এ জাতীয় লোকেদের নিয়োগ বাড়তে শুরু করেছে। তিনি আজ (সোমবার) এ ধরণের মন্তব্য করায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, ‘মেহবুবা মুফতি তার রাজনৈতিক ভিত্তি রক্ষায় এ জাতীয় বক্তব্য দিচ্ছেন। যুব সমাজকে উসকে দেওয়ার জন্য তিনি এ জাতীয় মন্তব্য করছেন।’
মেহেবুবা বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পরে, বিজেপি সরকার কাশ্মীরের চেয়েও জম্মুর পরিস্থিতি আরও বেশি খারাপ করে দিয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের কর্মসংস্থান ও জমির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখানকার সম্পদ লুটের পাশাপাশি বিজেপি সরকার এখানকার মানুষের ভূমি, কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে।
তিনি বলেন, কাশ্মীরের যুবকদের হয় কারাগারে বন্দী করা হচ্ছে, অথবা বন্দুক তুলতে বাধ্য করা হচ্ছে। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে যুবকদের কাছে কেবল বন্দুক তুলে নেওয়া বা কারাগারে যাওয়ার বিকল্প অবশিষ্ট আছে।
মেহেবুবা বলেন, বিজেপি জম্মু-কাশ্মীরের জমি বিক্রি করতে চায়। বাইরে থেকে লোকেরা এখানে এসে চাকরি করছে, তারা কাশ্মীরে চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না।
মেহবুবা মুফতি বিহারের রাজনীতিতে উঠে আসা আরজেডি নেতা তেজস্বী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবের দল ‘বিজেপি-জেডিইউ’ সমন্বিত এনডিএ জোটকে পরাজিত করতে সমর্থ হবে বলে নির্বাচনী জরিপে পূর্বাভাষ দেওয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।
আজ মেহেবুবা মুফতি এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং মোদি সরকারকে টার্গেট করেন। মেহেবুবা বলেন, ‘আমি তেজস্বীকে অভিনন্দন জানাতে চাই যে এত কম বয়সী হওয়া সত্ত্বেও বিরোধী হয়ে তিনি (নির্বাচনে) রুটি, কাপড়, জীবিকা, গৃহ সমস্যা ইত্যাদির কথা বলেছিলেন। এবং ওদের (বিজেপি) ৩৭০, ৩৫-এ ধারা জমি ক্রয় ইত্যাদি ইস্যু (নির্বাচনী প্রচারণায়) কাজ করেনি। আমি মনে করি জুলুম যখন বেড়ে যায় অবশেষে তা শেষ হয়ে যায়। আজ ওদের সময়, আগামীকাল আমাদের সকলের সুযোগ আসবে। ওদের সেটাই হবে যা ট্রাম্পের সাথে হয়েছে।’
মেহেবুবা বলেন, ৩৭০ ধারার মধ্যদিয়ে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সরদার প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বি আর আম্বেদকর এটিকে সংবিধানে স্থান দিয়েছিলেন। আমরা সুদসহ ৩৭০ ধারা ফিরিয়ে এনেই ছাড়ব।’ জম্মু-কাশ্মীরের পতাকা দেশের পতাকার মতোই তার কাছে প্রিয় বলেও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।