রেডিও তেহরানের রংধনু আসর যেন এক জাদুর পরশ
https://parstoday.ir/bn/news/iran-i100450-রেডিও_তেহরানের_রংধনু_আসর_যেন_এক_জাদুর_পরশ
আসসালামু আলাইকুম, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও একনিষ্ঠ ভক্ত শ্রোতা। 'কুরআনের প্রতি আকর্ষণ' শিরোনামের রংধনুর আসরটি শুনলাম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২৫, ২০২১ ১৬:০৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের রংধনু আসর যেন এক জাদুর পরশ

আসসালামু আলাইকুম, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও একনিষ্ঠ ভক্ত শ্রোতা। 'কুরআনের প্রতি আকর্ষণ' শিরোনামের রংধনুর আসরটি শুনলাম।

আশরাফ ভাইয়ের নিখুঁত ও নিপুণ গ্রন্থনা এবং বোন আকতার জাহান ও গাজী আব্দুর রশীদ ভাইয়ের সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি এমন প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী ছিল যা শুনে আমি অত্যন্ত অভিভূত ও মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

মিশরের বিশ্বখ্যাত ক্বারী আব্দুল বাসিত আব্দুস সামাদের অনুকরণে ইরানি শিশু ক্বারী মাহমুদ রেজা হাতামির কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।

বিশ্বে সবচেয়ে পঠিত গ্রন্থ পবিত্র কুরআনের বাণী কিভাবে মানুষকে আকৃষ্ট করে তা জানতে পারলাম আপনাদের একটি সত্য ঘটনার উপস্থাপনার মধ্য দিয়ে। জনগণকে কুরআনের বাণী শুনতে নিষেধ করেও মুশরিকদের সরদার আবু জেহেল, আবু লাহাব এবং আখনাস কিভাবে রাতের অন্ধকারে গোপনে কুরআন তেলাওয়াত শোনার জন্য  রাসুলের ঘরের পাশে লুকিয়ে  থাকতো -সেকথা অনুষ্ঠান থেকে যেমন জানতে পারলাম;  তেমনি জানতে পারলাম আরবের শ্রেষ্ঠ  সাহিত্য  সমালোচক আদ দাউস গোত্রের সরদার তুফাইল ইবনে আমর, ইয়েমেনের জাদুকর জামাদ রাসুলের মুখে পবিত্র কুরআন তেলাওয়াত শুনে কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন।

শুধু তাই নয়, মার্কিন চিন্তাবিদ ইরভিং এর মতে, 'পবিত্র কুরআন বিশ্ব জনগণকে শান্তি ও  সুখ-সমৃদ্ধির পবিত্র  ছায়াতলে  আশ্রয় দিয়েছে', ইরানের বিখ্যাত দার্শনিক আল্লামা তাবাতাবায়ী বলেছেন, 'জ্ঞানীদের জন্য কুরআন যেন এক অলৌকিক সম্পদ ভাণ্ডার, আইন প্রণেতাদের জন্য এটি সবচেয়ে সামাজিক আইনের আধার' এবং বিজ্ঞানী আইন্সটাইন বলেছেন, 'পবিত্র কুরআন মানুষকে সুপথ বা সত্যের পথে পরিচালিত করে' ইত্যাদি জানতে পারলাম এই মূল্যবান অনুষ্ঠান থেকে।

সব শেষে শিশু শিল্পী আব্দুল্লাহ আল হিশামের কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ইসলামি সংগীত 'জরিন হরফে লেখা, রুপালি হরফে লেখা আসমানি কুরআন' আমার হৃদয় ছুয়ে গিয়েছে।

আল্লাহপাক আমাদের মানব জাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয় পবিত্র কুরআন পড়ার ও বুঝার তাওফিক দান করুন= এই কামনায় এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনায় ইতি টানলাম।

 

শুভেচ্ছান্তে,

নিজামুদ্দিন সেখ

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া. পোস্ট: নওপাড়া শিমুলিয়া

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।