সিরিয়ায় ইরানি সেনাদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i121490-সিরিয়ায়_ইরানি_সেনাদের_রক্ষার_জন্য_চূড়ান্ত_সিদ্ধান্ত_নেবে_তেহরান
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় মার্কিন বা অন্য যেকোনো শক্তির হুমকির মুখে তার দেশের সেনাদের এবং ইরানের স্বার্থ রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৪, ২০২৩ ০৯:১৫ Asia/Dhaka
  • আমির সাঈদ ইরাভানি
    আমির সাঈদ ইরাভানি

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় মার্কিন বা অন্য যেকোনো শক্তির হুমকির মুখে তার দেশের সেনাদের এবং ইরানের স্বার্থ রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।

গতকাল (সোমবার) আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে দেয়া এক চিঠিতে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার অনুরোধে ইরান দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে এবং তা সম্পূর্ণভাবে বৈধ।

সিরিয়ার রাজধানী দামেস্কে গত শুক্রবার ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র দুই কর্মকর্তা শহীদ হওয়ার পর ইরানি রাষ্ট্রদূত এই চিঠি দিলেন। আইআরজিসি’র দুই কর্মকর্তা শহীদ হওয়ার বিষয়ে ইরান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তেহরান এই হতাকাণ্ডের প্রতিশোধ নেবে।

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে আরো বলেছেন, মার্কিন সেনারা সিরিয়ায় বেসামরিক নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে যে ঘৃণ্য অপরাধ করছেন তার দায়-দায়িত্ব আমেরিকাকে নিতে হবে। আমেরিকার এসব কর্মকাণ্ডকে জাতিসংঘ সনদের মূলনীতি এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আমির সাঈদ ইরাভানি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪