তেহরান-ইসলামাবাদ সহযোগিতা দিন দিন বাড়ছে: জারিফ
-
জাওয়াদ জারিফ ও নূর মোহাম্মাদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা দিন দিন বাড়ছে।
তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত নূর মোহাম্মাদ জাদমানির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। জারিফ বলেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কৌশলগত এবং এ সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বাড়ছে। বৈঠকে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সুস্থতা কামনায় দোয়া করেন।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পাকিস্তান ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেনে গতি আনবে।” তিনি আরো বলেন, তেহরান-ইসলামাবাদ সম্পর্ক কোনোকিছুতে সীমাবদ্ধ নয়। তেহরানে অবস্থানকালে দু দেশের সম্পর্ক গভীর করার জন্য রাষ্ট্রদূত নূর মোহাম্মাদের প্রশংসা করেন জাওয়াদ জারিফ। আজকের (সোমবার) বৈঠক ছিল মূলত জারিফের সঙ্গে নূর মোহাম্মাদের বিদায়ী সাক্ষাৎ। বৈঠকে জারিফ আশা করেন, নতুন পাকিস্তানি রাষ্ট্রদূত আসার পরও দুদেশের মধ্যে সম্পর্ক বাড়তে থাকবে।
নূর মোহাম্মাদ বলেন, চলতি বছরের গোড়ার দিকে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির পাকিস্তান সফরের ফলে বিভিন্ন খাতে দু’দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে। এছাড়া, দু’দেশের কর্মকর্তাদের মধ্যে সংলাপের মাধ্যমে দ্রুত ব্যাংকিং লেনদেন সমস্যা নিরসন হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০