ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আইআরজিসির সঙ্গে কুর্দি গেরিলাদের সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/iran-i12964-ইরানের_উত্তর_পশ্চিমাঞ্চলে_আইআরজিসির_সঙ্গে_কুর্দি_গেরিলাদের_সংঘর্ষ
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি যোদ্ধারা ওই গ্রামে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালানার চেষ্টা করলে আইআরজিসির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২৫, ২০১৬ ১৮:০৯ Asia/Dhaka
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি
    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং কুর্দি গেরিলাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি যোদ্ধারা ওই গ্রামে অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ড চালানার চেষ্টা করলে আইআরজিসির সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

ইরানের পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের মাহাবাত কাউন্টিতে অবস্থিত একটি গ্রামে কুর্দি গেরিলাদের সঙ্গে এই সংঘর্ষ হয় বলে খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইআরজিসির এক সদস্য জানিয়েছেন, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা বেনগোভি গ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং এখনো সংঘর্ষ অব্যাহত রয়েছে। গ্রামটি সন্ত্রাসীমুক্ত করতে আইআরজিসি চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। কুর্দি গেরিলারা গত সপ্তাহে পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের ওসনাভিয়ে কাউন্টিতেও আইআরজিসির সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছিল। আইআরজিসির সদস্যরা সারা দেশে সন্ত্রাসীদের তৎপরতার বিষয়ে কড়া নজর রাখছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে আটক একটি সন্ত্রাসী গোষ্ঠীর দুই সদস্য স্বীকার করেছে যে, তাদের প্রতি সৌদি আরব এবং আমেরিকার মদদ রয়েছে।

গত সপ্তাহে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান- বালুচিস্তান প্রদেশের খাশ শহরে এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়। পাকপুর বলেন,আটক করার সময় আহত এক সন্ত্রাসী মারা গেছে এবং অন্যজন পুলিশি হেফাজতে রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫