ইরানের পরবর্তী হামলা হবে আরো বেদনাদায়ক, আরো ভয়ঙ্কর: আইআরজিসি
-
আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরো বাড়ানো হবে এবং শত্রুর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।
তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি চলমান ট্রু প্রমিজ ফোর সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলেছেন, পরবর্তী হামলা হবে আরো বেদনাদায়ক, আরো ভয়ঙ্কর। গত ১২ দিনে আমরা ক্ষেপণাস্ত্র শক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি যা কিনা ট্রু প্রমিজ থ্রির চেয়ে অনেক শক্তিশালী। এসব ক্ষেপণাস্ত্র এরই মধ্যে ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যে শক্তি নিয়ে আঘাত হেনেছি সে সম্পর্কে শত্রুরা আগে কল্পনাও করতে পারেনি এবং তারা বিস্মিত হয়েছে। আপনারা জনগণ জেনে রাখেন আমাদের সশস্ত্র বাহিনী এই জাতিরই সন্তান এবং আমাদের যে ক্ষমতা ও শক্তি সামর্থ্য রয়েছে তা এই জাতির সুবাদেই। অনেক বড় বিজয় আমাদের অতি সন্নিকটে অপেক্ষা করছে।
আইআরজিসির মুখপাত্র আরো বলেছেন, ইসলামি ইরানের শত্রু সম্পর্কে সচেতন ইরানের জনগণকে আমি এ নিশ্চয়তা দিচ্ছি যে, শহীদ পাকপুর থেকে শুরু করে আমাদের অন্য সহযোদ্ধারা শহীদ হলেও শত্রুকে পরাস্ত না করা পর্যন্ত আমরা প্রতিশোধ নেয়া অব্যাহত রাখব।
তিনি বলেন, শত্রুরা মনে রাখার মতো উপযুক্ত শিক্ষা পাবে এবং প্রতি মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার জন্য জাহান্নামের দরজা প্রশস্ত থেকে প্রশস্ততর হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন