ইরানের নিবিড় পর্যবেক্ষণে মার্কিন সমস্ত গতিবিধি: কলিবফ
-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিনিদের সতর্ক করে দিয়ে বলেছেন, এই অঞ্চলে আপনাদের সমস্ত গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে সৈন্য মোতায়েন।’
আজ (বুধবার) কলিবফ তার এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে এসব কথা লিখেছেন। তিনি আরো লিখেছেন, “জেনারেলদের ভুলের বোঝা সৈন্যরা বইতে পারবে না; বরং তারা কেবল বেনিয়ামিন নেতানিয়াহু-এর বিভ্রান্তিকর কল্পনার শিকার হবে। আমাদের মাতৃভূমি রক্ষার সংকল্প পরীক্ষা করার চেষ্টা করবেন না।"
উল্লেখ্য, ২০২৫ সালে জুনে ১২ দিনের যুদ্ধের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের যৌথ সামরিক আগ্রাসন শুরু করে। তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনার মধ্যে থাকা অবস্থায় তারা এবারও সংঘাত শুরু করে।
তারা আগ্রাসনের শুরুতেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ীর বাসভবন ও অফিসে বিমান হামলা চালায়। সেই হামলায় সর্বোচ্চ নেতা শহীদ হন।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করে ইসরায়েলি অবস্থান এবং মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইরান সতর্ক করে দিয়ে বলে যে,তারা আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে। ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং জোর দিয়ে বলেছে, মূল জলপথ শুধুমাত্র আগ্রাসী এবং তাদের সহায়তাকারী দেশের জন্য মুক্ত নয়।#
পার্সটুডে/জিএআর/২৫