যুদ্ধের দামামায় সানাইয়ের সুর: ইরানে অভিনব গণবিয়ে
https://parstoday.ir/bn/news/iran-i159500-যুদ্ধের_দামামায়_সানাইয়ের_সুর_ইরানে_অভিনব_গণবিয়ে
আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ইরান সরকার। দেশের জন্য প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দিতে প্রস্তুত—এমন শত শত তরুণ-তরুণীর জন্য রাজধানী তেহরানে এক জমকালো গণবিয়ের আয়োজন করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি বিশেষ কর্মসূচিতে (জান-ফিদা) অংশ নিয়ে এই দম্পতিরা দেশের জন্য ‘আত্মোৎসর্গ’ করার শপথ নিয়েছেন।
(last modified 2026-05-19T14:44:23+00:00 )
মে ১৯, ২০২৬ ২০:৩৩ Asia/Dhaka
  • যুদ্ধের দামামায় সানাইয়ের সুর: ইরানে অভিনব গণবিয়ে
    যুদ্ধের দামামায় সানাইয়ের সুর: ইরানে অভিনব গণবিয়ে

আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ইরান সরকার। দেশের জন্য প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দিতে প্রস্তুত—এমন শত শত তরুণ-তরুণীর জন্য রাজধানী তেহরানে এক জমকালো গণবিয়ের আয়োজন করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি বিশেষ কর্মসূচিতে (জান-ফিদা) অংশ নিয়ে এই দম্পতিরা দেশের জন্য ‘আত্মোৎসর্গ’ করার শপথ নিয়েছেন।

তেহরানে শত শত তরুণের গণবিয়ে

গতকাল তেহরানের বেশ কয়েকটি বড় বড় চত্বরে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর মধ্যে কেন্দ্রীয় তেহরানের ঐতিহাসিক ইমাম হোসেন স্কয়ারেই এক সাথে ১১০টিরও বেশি দম্পতির বিয়ে দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধটি বর্তমানে একটি সাময়িক যুদ্ধবিরতির কারণে কিছুটা শান্ত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত রাখায়, দেশের মানুষের মনোবল চাঙ্গা রাখতেই রাষ্ট্রীয় টেলিভিশনে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

ইমাম হোসেন স্কয়ারে ‘জানফিদা’ দম্পতিদের গণবিয়ে!

গণমাধ্যমে জানা গেছে, এই দম্পতিরা ইরানের বিশেষ ‘জানফিদা’ (জীবন উৎসর্গ) কর্মসূচিতে নিজেদের নাম লিখিয়েছেন। এর মানে হলো, যুদ্ধ তীব্র রূপ নিলে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বাঁচাতে এরা প্রয়োজনে মানবঢাল বা মানবশৃঙ্খল তৈরি করে নিজেদের জীবন বাজি রাখবেন।

ইরানের সরকার জানিয়েছে, সাধারণ জনগণের পাশাপাশি দেশটির বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের মতো শীর্ষ নেতারাও এই তালিকায় নাম দিয়েছেন।

সামরিক গাড়িতে এক নব দম্পতি

এদিনের বিয়ের আয়োজনটি ছিল দেখার মতো। সাধারণ কোনো গাড়িতে নয়, বরং মাউন্ট করা মেশিনগানবাহী সামরিক জিপে চড়ে বিয়ের আসরে হাজির হন নবদম্পতিরা। মাঠের বিশাল মঞ্চটি সাজানো হয়েছিল রঙিন বেলুন দিয়ে। মঞ্চের ঠিক ওপরেই শোভা পাচ্ছিল দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বিশাল এক ছবি। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই তাঁর বাবা আলী খামেনেয়ী শহীদ হওয়ার পর তিনি এই দায়িত্বে আসেন, তবে এখনো পর্যন্ত তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

সামরিক যানে নজিরবিহীন বিয়ের অনুষ্ঠান

মেহর নিউজ এজেন্সির ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা রঙের দৃষ্টিনন্দন ইসলামি বিয়ের পোশাক পরা এক কনে হাসিমুখে তাঁর বরের পাশে দাঁড়িয়ে বলছেন, "দেশ এখন যুদ্ধের মধ্যে আছে ঠিকই, কিন্তু তাই বলে তরুণ-তরুণীদের তো বিয়ে আটকে থাকতে পারে না।"

আরেক জন বর তাঁর হবু স্ত্রীকে পাশে নিয়ে অত্যন্ত আনন্দিত কণ্ঠে বলেন, "ইসলামের ইতিহাসে হযরত আলী (আ.) ও হযরত ফাতেমা (‌আ.)-এর পবিত্র বিয়ের দিনটিতে আমাদের এই শুভ কাজ হচ্ছে, এটি আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমরা তাঁদের দোয়া ও বরকত নিয়ে পথ চলতে চাই।"

নবদম্পতিদের গাড়িতে শোভা পাচ্ছিল সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর ছবি

বিয়ের এই আনন্দঘন মুহূর্ত দেখতে এবং নতুন বর-কনেদের শুভেচ্ছা জানাতে চত্বরগুলোতে হাজার হাজার মানুষের ঢল নামে। উপস্থিত শুভাকাঙ্ক্ষীদের হাতে ছিল লাল গোলাপ। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা ধরে রাখতে ইরান সরকার প্রায় প্রতিদিনই এমন নানা রকম বড় বড় গণসমাবেশের আয়োজন করে আসছে। এরমধ্যে জান-ফিদা কর্মসূচিতে নাম লিখিয়েছে তিন কোটি ১৫ লাখ ১৮ হাজার ৯২৩ জন।#

পার্সটুডে/এমএআর/১৯