ইরানের সংসদ সদস্যের কঠোর হুঁশিয়ারি: আমরা বাব আল-মান্দাব বন্ধ করে দেব!
-
হামিদ রেজা হাজি বাবাই
পার্সটুডে- ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির দ্বিতীয় ভাইস-চেয়ারম্যান হামিদ রেজা হাজি বাবাই গোরগানের জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন, "যে তিনটি প্রধান কারণ আমাদেরকে আন্তর্জাতিক শক্তিগুলোর কাতারে এনেছে, সেগুলো হলো আমাদের হাজার বছরের পুরোনো সভ্যতা, ইসলাম ধর্ম এবং আমাদের জনগণ, যারা বুদ্ধিমত্তার দিক থেকে অন্যতম সেরা।"
ফার্স-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, তিনি জোর দিয়ে বলেন: "সমৃদ্ধি অর্জন জনগণের অধিকার এবং এটি নিয়ে কখনো আপোস করা হবে না।"
সংসদে হামেদান ও ফামেনিন অঞ্চলের জনগণের প্রতিনিধি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়ন প্রসঙ্গে বলেন: "আমরা এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে বৈধ করার একটি পরিকল্পনা পর্যালোচনা করেছি, যার বিভিন্ন দিক রয়েছে এবং এ বিষয়ে একটি শক্তিশালী প্রস্তাব পাস করা হবে।"
তিনি আরও বলেন: "আমাদের পারমাণবিক বোমা থাকা নিয়ে ট্রাম্প ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি বোঝেননি যে আমাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী।"
লেবাননের ওপর অব্যাহত ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে হাজী বাবাই বলেন, "যখনই আমেরিকা ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা হয়, তখন তারা হিজবুল্লাহর ওপর হামলা করে। অবশ্য, আমরাও জানিয়ে দিয়েছি, যদি তাদের হামলা বন্ধ না হয়, তাহলে আমরাও হামলা করব এবং এমনকি, আমরা বাব আল-মান্দাব প্রণালী বন্ধ করে দেব।"#
পার্সটুডে/এমআরএইচ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।