জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসি'র ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
-
জর্ডানের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ওপর ওয়াশিংটনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা জর্ডানে অবস্থিত মার্কিন পরিচালিত আল-আজরাক বিমান ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই বিমান ঘাঁটিতে অবস্থানরত আমেরিকার এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানসহ 'সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী'র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সফল আঘাত হেনেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুর এই ধরনের অপতৎপরতা ও দুষ্টুমি যতদিন অব্যাহত থাকবে, তাদের এই অভিযানও ততদিন চলবে।
এদিকে ইরানের 'খাতামুল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর' বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসন ও অপকর্মের জবাব দেওয়া সশস্ত্র বাহিনী অব্যাহত রাখবে।
বিবৃতিতে বলা হয়, "মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেদেশের দক্ষিণ অঞ্চলে হামলা বন্ধের যে ঘোষণা দিয়েছেন, তা মূলত ইরানি সশস্ত্র বাহিনীর শক্তিশালী ও চূর্ণ-বিচূর্ণকারী জবাবের কারণেই সম্ভব হয়েছে। এর মাধ্যমে মার্কিন সামরিক বাহিনীর আরেকটি পরাজয় নিশ্চিত হয়েছে।" ইরানের এই সর্বোচ্চ কমান্ড ইউনিট মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার ভোরে প্রকাশিত পৃথক বিবৃতিতে আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনী বাহরাইনের মার্কিন সামরিক সম্পদসহ ওই অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে সমন্বিত ও প্রতিশোধমূলক সামরিক অভিযানের ঘোষণা দেয়।
আইআরজিসি জানিয়েছে, তাদের উপকূলীয় আউটপোস্ট, সার্ভিস ইউনিট, আইন প্রয়োগকারী চৌকি এবং বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় মার্কিন হামলার প্রতিশোধ নিতে তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী দুটি পৃথক তরঙ্গে এই অপারেশন পরিচালনা করেছে।
পৃথকভাবে, ইরানি সেনাবাহিনীর জনসংযোগ শাখা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানোর খবর নিশ্চিত করেছে।
গত রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর ইরানের পক্ষ থেকে এই পাল্টা জবাব এলো। ট্রাম্পের এই নির্দেশ গত ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির একটি স্পষ্ট লঙ্ঘন। পরবর্তীতে তিনি ফক্স নিউজকে জানান, সর্বশেষ এই হামলায় মার্কিন বাহিনী ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।#
পার্সটুডে/এমএআর/১১