মার্কিন যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের বিবৃতির জবাবে ইরানের প্রতিক্রিয়া:
বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা অর্জন করা যায় না: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্র ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা অর্জন করা যায় না।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ২৫ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে দেয়া বক্তব্যগুলোকে হস্তক্ষেপমূলক, দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বলে মনে করছে এবং এই অঞ্চলে যুদ্ধংদেহী ও হস্তক্ষেপমূলক আচরণের ধারাবাহিকতার বিরুদ্ধে সতর্ক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে: “পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য রাষ্ট্রসমূহের নিরাপত্তার প্রতি আমেরিকার অবিচল অঙ্গীকার” সম্পর্কিত দাবিটি বাগাড়ম্বর এবং বাস্তবতার বিকৃতি ছাড়া আর কিছুই নয়। এখন সকলের কাছে আগের চেয়েও বেশি স্পষ্ট যে, এই অঞ্চলের দেশগুলোতে আমেরিকার সামরিক উপস্থিতি এই অঞ্চলের জনগণের উপর কেবল একটি বোঝা এবং এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ও বিভাজনের কারণ। ইরানের বিরুদ্ধে আগ্রাসনে এই অঞ্চলের দেশগুলোতে অবস্থিত সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো আমেরিকাকে ব্যবহার করতে দেয়া থেকে স্পষ্টভাবে বোঝা গেছে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা এবং তাদের মধ্যকার সম্পর্ককে কোনো মূল্য দেয় না। ইরান আশা করে, এই অঞ্চলের যেসব দেশের ভূখণ্ড ও স্থাপনা সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আমেরিকা ও ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছিল তারা তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করবে।
বিবৃতিতে বলা হয়েছে: আমেরিকার ধ্বংসাত্মক হস্তক্ষেপ থেকে দূরে থেকে এই অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা কেবল এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা স্থাপন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। #
পার্সটুডে/এমআরএইচ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।