ইরানের হুঁশিয়ারি: যেকোনো শত্রু হুমকির জবাব হবে ‘বিধ্বংসী’
https://parstoday.ir/bn/news/iran-i162384-ইরানের_হুঁশিয়ারি_যেকোনো_শত্রু_হুমকির_জবাব_হবে_বিধ্বংসী’
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব, প্রচলিত কিংবা নতুন ধরনের হুমকির জবাব ইরান দেবে ‘বিপ্লবী, কঠোর, অনুতাপ জাগানো ও বিধ্বংসী’ প্রতিক্রিয়ার মাধ্যমে।
(last modified 2026-08-21T11:51:51+00:00 )
আগস্ট ২১, ২০২৬ ১৭:৪১ Asia/Dhaka
  • ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।
    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি।

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব, প্রচলিত কিংবা নতুন ধরনের হুমকির জবাব ইরান দেবে ‘বিপ্লবী, কঠোর, অনুতাপ জাগানো ও বিধ্বংসী’ প্রতিক্রিয়ার মাধ্যমে।

ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সহায়তা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজাকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।

আবদুল্লাহি বলেন, ৩১ আগস্টের প্রতিরক্ষা শিল্প দিবস নিষেধাজ্ঞা ও বৈরী চাপের মধ্যেও ইরানের নিজস্ব ও প্রতিরোধমূলক শক্তির বিকাশের প্রতীক। এই দিনটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষক, বিশেষজ্ঞ ও কর্মীদের নিরলস প্রচেষ্টার পাশাপাশি তাদের স্মরণ করার দিন, যারা জ্ঞান ও বিশ্বাসের ওপর নির্ভর করে ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করেছেন।

তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প ইরানের ‘জাতীয় শক্তির’ অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং দেশের নিরাপত্তা ও মর্যাদা সুসংহত করতে এর কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে পরিবর্তন ঘটেছে, তা শুধু সামরিক সরঞ্জাম উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি ‘প্রতিরোধমূলক প্রতিরক্ষা শিল্পবিপ্লব’। এর আওতায় প্রযুক্তি নকশা, প্রযুক্তি ব্যবস্থাপনা, প্রতিরক্ষা অর্থনীতি, জ্ঞানভিত্তিক উৎপাদনব্যবস্থা এবং স্মার্ট উৎপাদন কাঠামোর উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে। তার ভাষায়, এই পরিবর্তন বর্তমান ও ভবিষ্যতের যুদ্ধের জটিলতার মোকাবিলায় একটি কৌশলগত ও বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া।

আবদুল্লাহি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতার এই বিকাশের পেছনে দেশীয় আত্মনির্ভরতার মানসিকতা ও বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার দীর্ঘমেয়াদি নীতি কাজ করেছে। এর ফলে সামরিক ক্ষেত্রে ইরানের প্রতিরোধমূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, স্থল, নৌ, আকাশ, আকাশ প্রতিরক্ষা, মহাকাশ ও সাইবার—সব ক্ষেত্রেই পূর্ণ প্রস্তুতি নিয়ে রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব কিংবা প্রচলিত ও নতুন ধরনের হুমকির মুখে ইরান কঠোর, প্রতিশোধমূলক ও বিধ্বংসী জবাব দেবে।
 

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন