যেকোনো সামরিক হামলার জবাব আগের চেয়ে আরও কঠোর হবে: আরাকচি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আত্মরক্ষার জন্য ইরানের প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেছেন, শত্রুরা যদি সামরিক পথ বেছে নেয়, তাহলে ইরানের জবাব হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও কঠোর।
পার্সটুডের প্রতিবেদনে ইরনার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি আজ রোববার তেহরানে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বিদেশি ও আন্তর্জাতিক প্রতিনিধি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যেমন আত্মরক্ষার ক্ষেত্রে দৃঢ় ও প্রস্তুত, তেমনি কূটনৈতিক অঙ্গনেও দেশটি দৃঢ় অবস্থানে রয়েছে। শত্রুরা যদি আবারও সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে তাদের আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হতে হবে। একইসঙ্গে কূটনৈতিক পথে একটি ন্যায়সংগত ও মর্যাদাপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য ইরান এখনও প্রস্তুত।
আরাকচি বলেন, “আমরা যেমন আত্মরক্ষার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি কূটনীতির ক্ষেত্রেও দৃঢ় ও সক্রিয়। ইরানের শত্রুরা যদি আবারও সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে তারা আগের চেয়ে আরও কঠোর জবাব পাবে। আমরা নিজেদের আগের চেয়েও শক্তিশালীভাবে রক্ষা করব। অন্যদিকে, তারা যদি কূটনৈতিক পথ অনুসরণ করতে চায়, তাহলে যুদ্ধের অবসানে কূটনীতির মাধ্যমে একটি ন্যায়সংগত ও মর্যাদাপূর্ণ সমাধানে পৌঁছাতে আমরা এখনও প্রস্তুত।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি যুক্তরাষ্ট্র প্রজ্ঞা ও যুক্তিবোধের পথ বেছে নেবে। তবে তারা যদি আবারও সামরিক সমাধানের দিকে এগিয়ে যায়, তাহলে আমরা আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছি এবং আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি কূটনীতির পথ বেছে নেয়, তাহলেও ইরান প্রস্তুত থাকবে। যুক্তরাষ্ট্র অতীতেও যুদ্ধে পরাজিত হয়েছে এবং কূটনীতিতেও ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা ও নতুন নিষেধাজ্ঞার পথ অনুসরণ করেও তাদের কোনো লাভ হবে না।
আরাকচি জোর দিয়ে বলেন, সামরিক কোনো সমাধান নেই, আরও নিষেধাজ্ঞাভিত্তিক কোনো সমাধানও নেই। কেবল আলোচনা, ন্যায়বিচার, ন্যায্যতা এবং কূটনৈতিক মর্যাদার ভিত্তিতে একটি সমাধানই কার্যকর হতে পারে। এর মাধ্যমেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শুরু করা এই যুদ্ধ ও অবৈধ-অন্যায় আগ্রাসনের অবসানে চূড়ান্ত সমাধান খুঁজে পাওয়া সম্ভব।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।