রাশিয়াকে আবারও বিমান-ঘাঁটি ব্যবহারের সুযোগে দেবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i18242-রাশিয়াকে_আবারও_বিমান_ঘাঁটি_ব্যবহারের_সুযোগে_দেবে_ইরান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানি বিমান ঘাঁটি থেকে রুশ জঙ্গি বিমানের জ্বালানী নেয়া ও পুনরায় সমরাস্ত্র সজ্জিত হওয়া ছিল একটি অস্থায়ী চুক্তি-ভিত্তিক সহযোগিতা; আর সিরিয়ার পরিস্থিতির আলোকে তা আবারও চালু করতে পারে উভয় দেশ।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ২৬, ২০১৬ ১৩:৪৫ Asia/Dhaka
  • ইরানের হামেদানের নোজেহ বিমান-ঘাঁটি
    ইরানের হামেদানের নোজেহ বিমান-ঘাঁটি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইরানি বিমান ঘাঁটি থেকে রুশ জঙ্গি বিমানের জ্বালানী নেয়া ও পুনরায় সমরাস্ত্র সজ্জিত হওয়া ছিল একটি অস্থায়ী চুক্তি-ভিত্তিক সহযোগিতা; আর সিরিয়ার পরিস্থিতির আলোকে তা আবারও চালু করতে পারে উভয় দেশ।  

সম্প্রতি ইরানের হামেদানের নোজেহ বিমান-ঘাঁটি থেকে জ্বালানি ও অস্ত্র নিয়ে রুশ জঙ্গি বিমান সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছে। যে অস্থায়ী চুক্তির আলোকে ইরান রাশিয়াকে এই সহযোগিতা দিয়েছে তা শেষ হয়েছে বলে শামখানি রাশিয়ার আরবিভাষী টেলিভিশন ‘আরটি’কে জানান। 
তিনি বলেছেন, ইরান ও রাশিয়ার কৌশলগত সহযোগিতা শেষ হয়ে যায়নি, সিরিয়ার পরিস্থিতির আলোকে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা আবারও শুরু করতে পারে উভয় দেশ। 
শামখানি রাশিয়ার স্বতন্ত্র রাজনৈতিক নীতি-অবস্থানের প্রশংসা করে বলেছেন, নানা ইস্যুতে মস্কো ও তেহরানের মধ্যে রয়েছে কৌশলগত সম্পর্ক।
তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ইয়েমেনিদের বিরুদ্ধে চলমান সৌদি সেনা অভিযান সৌদিদের জন্য পরাজয় ছাড়া আর অন্য কিছুই বয়ে আনবে না। এই আগ্রাসন ইয়েমেনি জনগণকে ভীত ও নতজানু করতে পারেনি বলে এ পর্যন্ত অকার্যকর বা ব্যর্থ হয়েছে বলে শামখানি মন্তব্য করেছেন। ইয়েমেনের জনগণের ভোটে নির্বাচিত যে কোনো সরকারকে সমর্থন ও সহায়তা দিতে তেহরান প্রস্তুত বলে তিনি উল্লেখ করেছেন। 
 ইয়েমেনে দেড় বছর ধরে নির্বিচার বোমা বর্ষণ করে আসছে সৌদি সরকার। এসব হামলায় নিহত হয়েছে প্রায় দশ হাজার বেসামরিক ইয়েমেনি যাদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু ও নারী। 
ইয়েমেনের সংসদের রায়ে ক্ষমতা-হারানো মানসুর হাদিকে ক্ষমতায় বসানার জন্য সৌদি সরকার এই অভিযান চালাচ্ছে।  মানসুর হাদি বেশ কিছুকাল পালিয়ে থেকে সৌদিতে আশ্রয় নিয়েছিলেন। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/২৬