ভালো ও খারাপ সন্ত্রাসী বলে কিছু নেই: জারিফ
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন রব্বানি
মধ্যপ্রাচ্যে চলমান সন্ত্রাসী তৎপরতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ইরান বলেছে, বিশ্বের সব দেশকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে হবে। ইরান সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে জারিফ বলেন, “আমরা সন্ত্রাসবাদকে ভালো ও খারাপ এই দুই ভাগে বিভক্ত করতে চাই না; আমরা বরং বিশ্বাস করি সব উগ্রবাদী ও তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করতে হবে।”
ইরানের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী দেশ আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন জারিফ। তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতা বলে মনে করে। কাবুল ও তেহরানের নিরাপত্তা একই সুতায় গাঁথা বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে ইরান ও আফগানিস্তানকে সার্বক্ষণিক সমন্বয় চালিয়ে যেতে হবে।
সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে তার দেশের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তার তেহরান সফর প্রমাণ করে কাবুল তার পররাষ্ট্রনীতিতে ইরানকে কতটা গুরুত্ব দেয়। তিনি ইরানে বসবাসরত সব আফগান শিশুকে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ করে দেয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০