সিরিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে কোনো কথা নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i20065-সিরিয়ায়_যুদ্ধবিরতি_নিয়ে_আমেরিকার_সঙ্গে_কোনো_কথা_নয়_ইরান
সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এ প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ০২:১৫ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কোনো আলোচনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। এ প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

সম্প্রতি রাশিয়া ও আমেরিকার উদ্যোগে সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে, এ যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার মার্কিন সমকক্ষ জন কেরির সঙ্গে আলোচনা করেছেন।

এ খবরের প্রতিক্রিয়ায় বাহরাম কাসেমি বলেছেন, আঞ্চলিক কোনো ইস্যুতে পরামর্শ বা আলোচনার করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকা এখন পর্যন্ত নিজেদের মধ্যে কোনো সংযোগ স্থাপন করেনি এবং ভবিষ্যতেও  করবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যে আলোচনার পর গত শুক্রবার সিরিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়। সোমবার সূর্যোদয়ের পর থেকে এক সপ্তাহের জন্য এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

রুশ-মার্কিন উদ্যোগের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান রোববার বলেছে, সিরিয়ায় যাতে মানবিক ত্রাণ তৎপরতা চালানো যায় সেজন্য দেশটিতে যুদ্ধবিরতির পক্ষে সব সময় কথা বলেছে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪