'আন্তর্জাতিক ইস্যুতে তেহরান-বেইজিং অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে'
https://parstoday.ir/bn/news/iran-i27541-'আন্তর্জাতিক_ইস্যুতে_তেহরান_বেইজিং_অভিন্ন_দৃষ্টিভঙ্গি_পোষণ_করে'
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আন্তর্জাতিক নানা ইস্যুতে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৪:১৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং চি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং চি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আন্তর্জাতিক নানা ইস্যুতে তেহরান এবং বেইজিংয়ের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং চি'র সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন জারিফ। ভারতে দুই দিনের সফরের পর আজ সকালে জারিফ একটি উঁচু পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলসহ চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান।

তেহরান ও বেইজিংয়ের মধ্যে উষ্ণ এবং শক্তিশালী সম্পর্কের প্রশংসা করে জারিফ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন অবস্থান থাকায় চীনের সঙ্গে সকল ক্ষেত্রে ইরান একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

গত জানুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তেহরান সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন দুই মন্ত্রী। দুই দিনের ওই সফরে দুই দেশ  ১৭টি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছিল।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ 'সাংহাই সহযোগিতা সংস্থা' বা এসসিওতে ইরানের অন্তর্ভূক্তির বিষয়টিকে সমর্থন জানিয়েছে। ইরান বর্তমানে এ সংস্থার পর্যবেক্ষক সদস্য। এছাড়া, দুই মন্ত্রী বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ওপর জোর দিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে ইরানের সঙ্গে ছয়জাতি গোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতাকে একটি বহুপাক্ষিক চুক্তি হিসেবে আখ্যায়িত করেন ওয়াং। কোনো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এ সমঝোতার ওপর কোনো রকম প্রভাব সৃষ্টি করতে পারে  না বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৫