পরমাণু সমঝোতা বাস্তবায়নে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে জাপান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাসীদের প্রতি কোনো কোনো দেশের সমর্থন বন্ধে জাপান তার প্রভাবকে কাজে লাগাতে পারে।
তিনি আজ রাজধানী টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদানের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দেশ হিসাবে ইরান আশা করে যুদ্ধবিধ্বস্ত ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে জাপান সক্রিয় ভূমিকা পালন করবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, আফগানিস্তানসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তেহরান টোকিওর সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। জাওয়াদ জারিফ পরমাণু সমঝোতা বাস্তবায়নে জাপানের ভূমিকাকে গঠনমূলক অভিহিত করে ব্যাংকিং ও অর্থনৈতিক ক্ষেত্রেও টোকিও ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেনে।
এ সাক্ষাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীও পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, তার দেশ ওই সমঝোতা বাস্তবায়নে সব রকম সহযোগিতা দেবে। একই সঙ্গে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ইরানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১২