ভারতে আটক নিজ নাগরিককে মুক্ত করার চেষ্টা চালাবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i29467-ভারতে_আটক_নিজ_নাগরিককে_মুক্ত_করার_চেষ্টা_চালাবে_ইরান
ভারতে আটক একজন ইরানি নারী দাতব্য কর্মীকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে তেহরান। ভারতের একটি শিশুকে হত্যার কথিত অভিযোগে ওই ইরানি নারীকে আটক করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৬ ০৩:৪৬ Asia/Dhaka
  • জাওয়াদ জারিফ
    জাওয়াদ জারিফ

ভারতে আটক একজন ইরানি নারী দাতব্য কর্মীকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে তেহরান। ভারতের একটি শিশুকে হত্যার কথিত অভিযোগে ওই ইরানি নারীকে আটক করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বিদেশে বসবাসরত ইরানি নাগরিকদের সুরক্ষা দেয়া তার মন্ত্রণালয়ের দায়িত্ব।  কাজেই এ মন্ত্রণালয় তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া ও তাদের অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে।

২০১৪ সালে ২৮ বছর বয়সি ইরানি নারী দাতব্য কর্মী নারগেস কালবাসি আশতারি ভারতের উড়িষ্যা রাজ্যের একটি নদীর তীরে তার প্রতিষ্ঠানের কর্মী, দুঃস্থ শিশু ও তাদের অভিভাবকদের জন্য একটি পিকনিকের আয়োজন করেন।  ওই পিকনিক থেকে একটি শিশু হারিয়ে যায়। শিশুটির বাবা-মা আশতারির কর্মচারী ছিলেন এবং শিশুটি হারিয়ে যাওয়ার সময় তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নারগেস কালবাসি আশতারি (বামে, ভারতীয় পোশাক পরিহিত)

কিন্তু তারা আদালতে কালবাসির বিরুদ্ধে ওই শিশুকে হত্যা করার অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের নিস্পত্তি না হওয়া পর্যন্ত কালবাসির ভারত ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতে অভিযুক্ত হলে তার কারাদণ্ড হতে পারে।

দুঃস্থ শিশুদের স্কুলে কালবাসি আশতারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কালবাসির মামলার খোঁজখবর রাখছে তার মন্ত্রণালয়।  এ ছাড়া, চলতি মাসের গোড়ার দিকে ভারত সফরের সময় তিনি দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি নিয়ে কথা বলেছেন।  এ সম্পর্কে ইতিবাচক কোনো ফল পাওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা চালিয়ে যাবে বলে জাওয়াদ জারিফ উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯