সন্ত্রাসবাদের সমর্থকরা আগুন নিয়ে খেলছে: ইরান
-
বুধবার আব্দুল্লাহিয়ানের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন বাশার আল-জাফারি (বামে)
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিয়ে ইরান বলেছে, সন্ত্রাসবাদের সমর্থকরা আসলে আগুন নিয়ে খেলা করছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি তেহরান সফরে এসে বুধবার আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। উগ্র তাকফিরি জঙ্গিদের রক্ষা করার জন্য কিছু দেশের আপ্রাণ প্রচেষ্টার নিন্দা জানান আব্দুল্লাহিয়ান।
তিনি বলেন, সিরিয়ার সরকার ও প্রকৃত বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপ হচ্ছে সেদেশে শান্তি প্রতিষ্ঠার সর্বোত্তম উপায়। ইরানের সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় রাজনৈতিক সমাধান অর্জিত না হওয়া পর্যন্ত দামেস্কের প্রতি তেহরানের সার্বিক সমর্থন অব্যাহত থাকবে। বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে আলেপ্পো নগরী পুনরুদ্ধার হওয়ায় তিনি সিরিয়ার সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
সাক্ষাতে বাশার আল-জাফারি ইরানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে দামেস্কের সহযোগী হিসেবে উল্লেখ করেন। উগ্র জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক সমাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে দামেস্ককে সহযোগিতা করলে অচিরেই সিরিয়া সংকটের অবসান হবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯