‘মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোর অবসান ঘটাতে পারে ইরান ও সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/iran-i31306-মধ্যপ্রাচ্যের_সংঘাতগুলোর_অবসান_ঘটাতে_পারে_ইরান_ও_সৌদি_আরব’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতগুলোর অবসানের জন্য ইরান ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে পারে। তিনি আরো বলেছেন, তবে দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে সৌদি আরবকে বাস্তবতা উপলব্ধি করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৯, ২০১৭ ০৩:০১ Asia/Dhaka
  • বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখছেন জারিফ
    বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখছেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতগুলোর অবসানের জন্য ইরান ও সৌদি আরব যৌথভাবে কাজ করতে পারে। তিনি আরো বলেছেন, তবে দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে সৌদি আরবকে বাস্তবতা উপলব্ধি করতে হবে।

বুধবার সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় জারিফ  বলেন, “ইরান ও সৌদি আরবের পরস্পরের প্রতি বিদ্বেষী নীতি বজায় রাখার কোনো অর্থ হয় না।  আমরা বরং আমাদের অঞ্চলকে স্থিতিশীল করতে পরস্পরকে সহযোগিতা করতে পারি। সিরিয়া, ইয়েমেন ও বাহরাইনসহ এ অঞ্চলের অন্যান্য দেশের জনগণকে দুর্দশার হাত থেকে আমরা রক্ষা করতে পারি।”

জারিফ বলেন, লেবাননের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করা থেকে বিরত থাকতে পেরেছে ইরান ও সৌদি আরব। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষাকারী মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতেও একই ঘটনার পুনরাবৃত্তি করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে মিনায় ৪৬০ ইরানি হাজির মৃত্যুর মতো কিছু দুঃখজনক পরিস্থিতির কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের উদাসীনতার কারণে হজের সময় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। 

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টির জন্য ইরানকে দায়ী করে  সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাকে ‘শতাব্দির শ্রেষ্ঠ কৌতুক’ হিসেবে অভিহিত করেন জারিফ। তিনি বলেন, রিয়াদ যতক্ষণ বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা না করবে ততক্ষণ মধ্যপ্রাচ্যের কোনো সমস্যার সমাধান হবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯