বিপ্লবের মাস শুরু: ইমাম খোমেনীর প্রতি সর্বোচ্চ নেতার শ্রদ্ধা
-
ইমাম খোমেনীর মাযার জিয়ারত করছেন সর্বোচ্চ নেতা
ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর প্রাক্কালে বিপ্লবের মহান নেতা হযরত ইমাম খোমেনী (র)’র মাযার জিয়ারত ও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। রাজধানী তেহরানের দক্ষিণে ইমাম খোমেনীর মাযার অবস্থিত।
ইসলামি বিপ্লব বিজয়ের ৩৮তম বার্ষিকীর ‘আলোকোজ্জ্বল দশ প্রভাত’ শুরুর দ্বিতীয় দিনে তিনি ইমাম খোমেনীর প্রতি শ্রদ্ধা জানালেন। ১৯৭৯ সালের এই দিনগুলোতে ইরানের বিপ্লব চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় এবং ১১ ফেব্রুয়ারি স্বৈরশাসক রেজা শাহের আমেরিকায় পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে বিপ্লব সফল হয়। তার আগে পহেলা ফেব্রুয়ারি ইমাম খোমেনী ফ্রান্স থেকে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ইরানে ফিরে আসেন।
আজ (বুধবার) সর্বোচ্চ নেতা মাযার জিয়ারত করেন এবং সে সময় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ইমাম খোমেনীর মাযার জিয়ারতের পাশাপাশি সর্বোচ্চ নেতা ইসলামি বিপ্লবের সময়কার ও ইরান-ইরাক আট বছরের যুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। এছাড়া, তেহরানের প্লাস্কো ভবনে অগ্নিকাণ্ড ও ধসে পড়ার ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের ১৬ সদস্যের কবর জিয়ারত করেন তিনি।
এবারের আলোকোজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে বিশ্বের ৬০টি দেশে ইরানের ৮০টি সাংস্কৃতিক কেন্দ্রে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১