আরব লীগের অভিযোগ বস্তাপচা ও ভিত্তিহীন: ইরান
পারস্য উপসাগরের তিনটি ইরানি দ্বীপের মালিকানা নিয়ে আরব লীগ যে প্রশ্ন তুলেছে তাকে ভিত্তিহীন ও বস্তাপচা অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “এসব দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্ব একটি অনস্বীকার্য ও শাশ্বত বাস্তবতা।” এ ধরনের অসত্য দাবি ও বিবৃতি প্রকাশ করে তিন দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলেও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা যে দাবি করেছেন তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন কাসেমি। তিনি বলেন, “ইরান কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং এ ধরনের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনও মনে করে না।”
গত মঙ্গলবার কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে দাবি করা হয়, ইরান আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এ ছাড়া, পারস্য উপসাগরের তিনটি ইরানি দ্বীপ তুম্বে কুচাক, তুম্বে বোযোর্গ ও আবু মুসার ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানা রয়েছে বলেও দাবি করেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা।
এসব অভিযোগের জবাবে কাসেমি আরো বলেন, কিছু দেশ নিজেদের অভ্যন্তরীণ বিবাদ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে এবং নিজেদের সৃষ্ট চোরাবালি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে এ ধরনের অপবাদ আরোপের ব্যর্থ চেষ্টা করছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১