আমেরিকা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে: জেনারেল দেহকান
-
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, আমেরিকা যদি ভেবে থাকে ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার করে ভোটের ফল পাল্টে দিতে পারবে তাহলে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। তিনি আরো বলেছেন, আমেরিকার ব্যাপারে ইরানে একটি দৃঢ়-প্রতিষ্ঠিত নীতি রয়েছে যা সবাই মেনে চলে।
রাশিয়ার টিভি চ্যানেল 'আরটি অ্যারাবিক’কে দেয়া এক সাক্ষাৎকারে দেহকান বলেন, ইরানের জনগণ একটি বিচক্ষণ জনগোষ্ঠী হিসেবে তার শত্রুকে চেনে এবং শত্রুর আকাঙ্ক্ষার ঠিক বিপরীতে কাজ করে। কাজেই আমেরিকা ইরানের নির্বাচনে প্রভাব বিস্তারের কথা চিন্তা করে থাকলে মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।
জেনারেল দেহকান বলেন, আমেরিকা, ব্রিটেন ও তাদের গণমাধ্যমগুলো ইরানের নির্বাচনি প্রচারণায় একটি রাজনৈতিক শিবিরের বিরুদ্ধে আরেকটিকে সমর্থন দেয়ার চেষ্টা করছে। কিন্তু ইরানি জনগণ তাদের কথায় কান দেবে না কারণ, তারা জানে পশ্চিমারা তাদের হিতাকাঙ্ক্ষী নয়।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশের জনগণ গত ৩০ বছরেরও বেশি সময় ধরে একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্য থেকে তাদেরকে বিচ্যুত করা যাবে না বলেও তিনি সতর্ক করে দেন।
ইরানে আগামী ১৯ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ মোট ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন এ নির্বাচনে ভোট দেবেন প্রায় পাঁচ কোটি ৫০ লাখ নিবন্ধিত ভোটার। ১২তম এই প্রেসিডেন্ট নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০