ইরান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ইসলামাবাদে জারিফ
ইরান এবং পাকিস্তান অভিন্ন সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ আজ(বুধবার) পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের ভূমি থেকে চালানো হামলায় ইরানের ১০ সীমান্তরক্ষী শহিদ হওয়াকে কেন্দ্র করে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানের মিরজাভে সীমান্তে এ হামলায় ইরানের অপর দুই সীমান্তরক্ষীও আহত হয়েছে।
তথাকথিত জয়েশ উল-আদল নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলার পর আততায়ীরা পাকিস্তানের ভূখণ্ডে পালিয়ে যায়।
জারিফ আজ(বুধবার) পাকিস্তান পৌঁছে এ বিষয়ে পাক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এ সফরে উচ্চপদস্থ রাজনৈতিক, সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা কর্মকর্তাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
পাকিস্তানে পৌঁছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলীর খানের সঙ্গে বৈঠক করেন তিনি। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই এবং সন্ত্রাসী চক্রগুলো বিশেষ করে ইরানি সীমান্তরক্ষীদের হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের উপর গুরুত্বারোপ করেন তিনি।
নিসার আলী খান এ ঘটনায় ইরানের জনগণ ও সরকারের কাছে গভীর শোক জানান। পাশাপাশি তিনি বলেন, স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের পথে রাজনৈতিক এবং সামরিক পর্যায়ের প্রতিবন্ধকতা দূর করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন জারিফ।#
পার্সটুডে/মূসা রেজা/৩