‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সৌদির মুখে ইরান বিরোধী বক্তব্য হাস্যকর’
https://parstoday.ir/bn/news/iran-i48599-সন্ত্রাসবাদের_পৃষ্ঠপোষক_সৌদির_মুখে_ইরান_বিরোধী_বক্তব্য_হাস্যকর’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যে সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তার মুখে ইরান বিরোধী বক্তব্য হাস্যকর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২০, ২০১৭ ০৪:৩০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যে সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে তার মুখে ইরান বিরোধী বক্তব্য হাস্যকর।

তিনি তার অফিসিয়াল টুইটার পেইজে এক বার্তায় লিখেছেন, “সৌদি রাজতন্ত্র এমন সময় ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অভিযুক্ত করছে যখন রিয়াদ নিজে এই অঞ্চলে সন্ত্রাসবাদ লেলিয়ে দিয়েছে, ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছে, কাতারকে একঘরে করে রেখেছে এবং লেবাননে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে।”

সৌদি আরবের উদ্যোগে মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে ইরান বিরোধী ইশতেহার প্রকাশের পর এই প্রতিক্রিয়া জানালেন জারিফ।

টুইটার বার্তায় তুরস্কের আন্তালিয়ায় ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠক প্রসঙ্গেও কথা বলেছেন জারিফ। তিনি লিখেছেন, “সিরিয়ায় চলমান যুদ্ধবিরতির ব্যপ্তি ও সময় বাড়ানোর লক্ষ্যে তুরস্ক ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে যাচ্ছে ইরান।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো লিখেছেন, সিরিয়ার সব পক্ষের মধ্যে ব্যাপকভিত্তিক আলোচনা অনুষ্ঠানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান, তুরস্ক ও রাশিয়া।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ (বামে), সের্গেই ল্যাভরভ (মাঝখানে) এবং মেভলুত চাভুসওগ্লু

সিরিয়ার চলমান সংকট সমাধানের ব্যাপারে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার আন্তালিয়ায় ত্রিপক্ষীয় বৈঠক করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০