পেশোয়ারে তালেবান হামলার নিন্দা করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i49275-পেশোয়ারে_তালেবান_হামলার_নিন্দা_করল_ইরান
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে তালেবানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৭ ০৯:৪২ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে তালেবানের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (শনিবার) ওই অমানবিক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের মিত্রদের তৎপরতার বিরুদ্ধে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকা জরুরি।

তালেবান হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হচ্ছে

তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো অমানবিক এসব হামলা চালায় শুধুমাত্র তাদের ঘৃণ্য লক্ষ্য অর্জন ও নিজেদের উপস্থিতি প্রমাণের জন্য। এসব সন্ত্রাসী মসজিদ ও পবিত্র স্থাপনাগুলোর সম্মানটুকুও রক্ষা করে না। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকেও অসম্মান করে। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য অর্জনের জন্য নারী-শিশুসহ বেসামরিক নীরিহ লোকজনকে হত্যা করতেও দ্বিধা করে না বলে মন্তব্য করেন বাহরাম কাসেমি।

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবং এদের শিকড়, সমর্থক ও সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান ইরানের এ কর্মকর্তা।

গত শুক্রবার পেশোয়ারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রাবাসে তালেবানের হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে হামলাকারী সন্ত্রাসীরা সবাই মারা যায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩