ইউরোপকে কথায় নয় কাজে প্রমাণ দিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i57638-ইউরোপকে_কথায়_নয়_কাজে_প্রমাণ_দিতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ সুরক্ষিত থাকার বিষয়ে ইউরোপের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যে নিশ্চয়তা দিতে হবে। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৮ ১২:৩২ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ সুরক্ষিত থাকার বিষয়ে ইউরোপের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যে নিশ্চয়তা দিতে হবে। তিনি আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বাহরাম কাসেমি আরও বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য দেশগুলো পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে আগ্রহী। বর্তমানে তাদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা চলছে। তবে মুখের কথাই যথেষ্ট নয়, ইউরোপকে কাজের মাধ্যমে তাদের আন্তরিকতার প্রমাণ দিতে হবে। 

সিরিয়ায় তৎপর সব বিদেশি পক্ষকে সেদেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে সে প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসলামি ইরান একটি স্বাধীন দেশ। সিরিয়া থেকে সরে আসার বিষয়ে ইরানকে কোন দেশ বাধ্য করতে পারবে না। সিরিয়ার বৈধ সরকারের আমন্ত্রণে ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে গেছে। 

তিনি বলেন, সিরিয়া থেকে ওই সব দেশকে চলে যেতে হবে যারা দামেস্কের অনুমতি না নিয়ে সেখানে প্রবেশ করেছে এবং সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে। সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন ইরান সেদেশে অবস্থান করবে বলে তিনি ঘোষণা করেন। 

আফগানিস্তানের ফারাহ প্রদেশে ইরান তালেবানকে সহযোগিতা দিচ্ছে বলে কোনো কোনো আফগান কর্মকর্তা যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ইরান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ইরান আফগান সরকারের সঙ্গে যত বেশি সম্ভব সহযোগিতা করতে আগ্রহী। তিনি বলেন, সুসম্পর্ক নষ্টের লক্ষ্যেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়। আফগান কর্মকর্তাদেরকে আরও সতর্ক হওয়ার আহ্বান  জানাচ্ছি। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১