মাইক পম্পেওর দাবি নাকচ করল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইসলামি প্রজাতন্ত্র ইরান মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও টুইটার বার্তায় শনিবার যে দাবি করেছেন তেহরান তা নাকচ করে দিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (রোববার) বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা লঙ্ঘন হয় নি। তিনি বলেন, ইরান তার নিরাপত্তা রক্ষার জন্য এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে।
তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব পাসের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করা হয় নি। বাহরাম কাসেমি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন একটি প্রস্তাব নিয়ে কথা বলেছেন যে প্রস্তাব পাস হয়েছিল পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে। অথচ আমেরিকা সেই পরমাণু সমঝোতা শুধু লঙ্ঘনই করে নি বরং অন্যদেরকেও তা লঙ্ঘন করার জন্য উৎসাহিত করেছে; এমনকি এই সমঝোতা যারা মেনে চলবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করা হয় যাতে বলা হয়েছে যে, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম কোনো ব্যইলস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না ইরান। তেহরান সবসময় বলে আসছে, ইরান কখনো পরমাণু অস্ত্র বানানো চেষ্টা করে নি; ফলে ইরানের কোনো ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নয়।#
পার্সটুডে/এসআইবি/২