ইরানের সঙ্গে ৩ ইউরোপীয় দেশের আর্থিক চ্যানেল চূড়ান্ত
https://parstoday.ir/bn/news/iran-i67747-ইরানের_সঙ্গে_৩_ইউরোপীয়_দেশের_আর্থিক_চ্যানেল_চূড়ান্ত
পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ চ্যানেল চূড়ান্ত করেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করা হবে। জার্মান গণমাধ্যম এ তথ্য দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৯ ১৩:৩১ Asia/Dhaka
  • ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির তিন নেতা
    ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির তিন নেতা

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ চ্যানেল চূড়ান্ত করেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ চ্যানেলের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করা হবে। জার্মান গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

জার্মান সংবাদ মাধ্যম 'এনডিআর' আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এরই মধ্যে আর্থিক লেনদেনের এই ব্যবস্থা নিবন্ধিত করেছে। এই ব্যবস্থার নাম হবে দ্যা ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জেস বা ইনসটেক্স। এই আর্থিক চ্যানেল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে পরিচালিত হবে এবং জার্মান ব্যাংকিং বিশেষজ্ঞরা তা পরিচালনা করবে।

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে আর্থিক লেনদেনের ব্যবস্থা নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। জার্মানির একজন বিশেষজ্ঞকে এই ব্যবস্থার প্রধান করা হয়েছে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটি ইরানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রির কাজে ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। একইসঙ্গে তিনি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন যা নভেম্বরে বাস্তবায়িত হয়। কিন্তু তিন ইউরোপীয় দেশসহ পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো এই সমঝোতা টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং তেহরানকে এই সমঝোতায় থাকার আহ্বান জানায়।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যাতে বৈদেশিক লেনদেন করতে পারে সেজন্য সে সময়ই ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে একটি বিশেষ অর্থনৈতিক চ্যানেল চালু করার প্রতিশ্রুতি দেয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১