পরমাণু সমঝোতা রক্ষায় ইউরোপকে দৃঢ় সংকল্প দেখাতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71957-পরমাণু_সমঝোতা_রক্ষায়_ইউরোপকে_দৃঢ়_সংকল্প_দেখাতে_হবে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে চাইলে ইউরোপীয় দেশগুলোকে ইরানে পুঁজি বিনিয়োগ করতে হবে; যদিও তাদের মধ্যে সে ধরনের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়ছে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ০২:০৯ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    নিউ ইয়র্কে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করতে চাইলে ইউরোপীয় দেশগুলোকে ইরানে পুঁজি বিনিয়োগ করতে হবে; যদিও তাদের মধ্যে সে ধরনের কোনো প্রস্তুতি এখনো চোখে পড়ছে না।

নিউ ইয়র্ক সফররত জারিফ স্থানীয় সময় রোববার সাংবাদিকদের বলেন, ইউরোপীয় দেশগুলো ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার দাবি করলেও এটিকে টিকিয়ে রাখার জন্য তারা এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

জাতিসংঘের একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিতে রোববার নিউ ইয়র্ক পৌঁছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।  তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলো বারবার নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করলেও এটি রক্ষা করার জন্য ইরানে পুঁজি বিনিয়োগের যে প্রয়োজনীয়তা রয়েছে সেদিকে তারা ভ্রুক্ষেপ করছে না।

২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর পররাষ্ট্রমন্ত্রীদের ফটোসেশন (ফাইল ছবি) 

আমেরিকা ও তিন ইউরোপীয় দেশসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরান যে পরমাণু সমঝোতা সই করেছিল তা থেকে ২০১৮ সালের মে মাসে বেরিয়ে যায় ওয়াশিংটন। এরপর আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা বাস্তবায়ন করার ঘোষণা দেয় ইউরোপীয় তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।  কিন্তু মৌখিক ঘোষণা ছাড়া এসব দেশ এখন পর্যন্ত এ সমঝোতা রক্ষার্থে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। অবশ্য এই তিন দেশ গত জানুয়ারি মাসে ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য ‘ইন্‌সটেক্স’ নামের একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা চালু করার ঘোষণা দেয়। কিন্তু সে ব্যবস্থাও এখন পর্যন্ত কার্যকরভাবে চালু হয়নি।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৫