ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য জাতিসংঘের আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i79935-ইরানের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_তুলে_নেয়ার_জন্য_জাতিসংঘের_আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য বিশ্বের বহু দেশ ও সংস্থা আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মে ১৬, ২০২০ ১২:০৫ Asia/Dhaka

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করায় আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন। ওই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার জন্য বিশ্বের বহু দেশ ও সংস্থা আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট করোনা ভাইরাস মোকাবেলার স্বার্থে ইরানকে সহায়তার অংশ হিসেবে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা  তুলে নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর জন্য ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার অবসান ঘটানো উচিত। নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া অথবা স্থগিত করা হলেই কেবল করোনা মোকাবেলায় তা কাজে লাগবে।

সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। কিন্তু এখনো তিনি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেননি। ওয়াশিংটন দাবি করেছে ইরানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইরানের বিরুদ্ধে ব্যাংকিং নিষেধাজ্ঞা বহাল থাকায় কোনো দেশ অর্থের বিনিময়ে ইরানের সঙ্গে পণ্য লেনদেনে আগ্রহী নয়। নিষেধাজ্ঞা অমান্য করলে মার্কিন শাস্তির ভয়ে বিশ্বের বহু দেশ ও কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা করার সাহস পাচ্ছে না। এমনকি জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীও দিতে রাজি হচ্ছে না কোনো দেশ।

কিন্তু ওয়াশিংটনের অন্যায় দাবি মেনে নিতে বাধ্য করার জন্য অমানবিক নিষেধাজ্ঞায় কোনো কাজ না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখন কোনো রাখঢাক না করেই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদে নেমেছে এবং ওষুধের ওপর নিষেধাজ্ঞা দেয়াসহ দেশটির জনগণের বিরুদ্ধে একের পর এক অমানবিক পদক্ষেপ নিচ্ছে। এ কারণে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ইরান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান বিষয়ক মার্কিন অ্যাকশান গ্রুপের প্রতিনিধি ব্রায়ান হুক এক সাক্ষাতকারে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির  নীতিতে ফল পাওয়া গেছে। অথচ বাস্তবতা হচ্ছে এতো চাপ সত্বেও ইরান আমেরিকার কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করেনি। এ প্রতিরোধ ইরানের ব্যাপারে মার্কিন প্রশাসনের নীতি অচলাবস্থার সম্মুখীন হয়েছে।

অন্যদিকে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক দাবি ক্রমেই জোরদার হচ্ছে। এমনকি ওয়াশিংটনের মিত্র ইউরোপের দেশগুলোও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং ইউরোপীয় পরিষদের প্রধান শ্যারল মিশেল করোনা পরিস্থিতিতে ইরানসহ অন্যান্য দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। #         

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৬