করোনা মহামারীর মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি বলেছেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর মধ্যে তার দেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ওপর একতরফা পদক্ষেপের প্রভাব সম্পর্কিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রাভানচি বলেন, যখন করোনাভাইরাসের মহামারি চলছে এবং এর বিরুদ্ধে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে তখন আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কয়েকটি দেশের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে। এতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি ব্যাহত হচ্ছে যার ফলে চূড়ান্তভাবে করোনাভাইরাস বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে।
ইরানের রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সামগ্রী পাওয়ার অধিকার সব দেশের রয়েছে কিন্তু নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে আমেরিকা সে অধিকার লঙ্ঘন করে চলেছে।
মার্কিন সরকার দাবি করে আসছে, তারা খাদ্য ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করে নি। ওয়াশিংটনের এ দাবি নাকচ করে মাজিদ থাকতে রাভানচি বলেন, ওয়াশিংটনের এই দাবি ভিত্তিহীন কারণ তারা আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যার ফলে কোনো লেনদেন করা যায় না। এ কারণে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইরান কোন ওষুধ এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারে না।
নিউইয়র্কে গতকাল এ বৈঠকের আয়োজন করে ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন, রাশিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা, সিরিয়ায, বেলারুশ এবং জিম্বাবুয়ে।#
পার্সটুডে/এসআইবি/২