এক বছরে রেডিও তেহরানের প্রচারিত অনুষ্ঠানমালার মূল্যায়ন ও প্রস্তাব
https://parstoday.ir/bn/news/letter-i102780-এক_বছরে_রেডিও_তেহরানের_প্রচারিত_অনুষ্ঠানমালার_মূল্যায়ন_ও_প্রস্তাব
আসসালামু আলাইকুম। বর্তমানে সারা পৃথিবীতে যে কয়েকটি আন্তর্জাতিক বেতারকেন্দ্র বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে রেডিও তেহরান। গত এক বছর ধরে শ্রোতাদের নানা ধরনের মতামতের প্রেক্ষিতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানেরও পরিবর্তন আমরা লক্ষ্য করেছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২২, ২০২২ ১১:১৯ Asia/Dhaka
  • এক বছরে রেডিও তেহরানের প্রচারিত অনুষ্ঠানমালার মূল্যায়ন ও প্রস্তাব

আসসালামু আলাইকুম। বর্তমানে সারা পৃথিবীতে যে কয়েকটি আন্তর্জাতিক বেতারকেন্দ্র বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে রেডিও তেহরান। গত এক বছর ধরে শ্রোতাদের নানা ধরনের মতামতের প্রেক্ষিতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানেরও পরিবর্তন আমরা লক্ষ্য করেছি।

শ্রোতাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান ‘প্রিয়জন’ অনুষ্ঠানের সময় বাড়ানো শ্রোতাদের একটা বড় দাবি ছিল; যা পূরণ করা হয়েছে। যদিও সপ্তাহে এখন একদিন প্রচার করা হচ্ছে। প্রতিটি ‘প্রিয়জন’ অনুষ্ঠানে এখন সাক্ষাৎকার, প্রাপ্তিস্বীকারসহ শ্রোতাদের নানা মূল্যবান মতামতপূর্ণ চিঠি, মেইল, রিসিপশন রিপোর্ট দিয়ে সাজানো জমজমাট আসরটি সবার নজর কেড়েছে। এখন গড়ে প্রায় ১৫ থেকে ২০টি পত্রের উত্তর দেওয়া হয় যা পূর্বের চেয়ে কয়েকগুণ বেশি। তাই শ্রোতারাও এখন প্রচুর চিঠি লিখছে। আর এই যে শ্রোতাদের মাঝে এত সাড়া জাগিয়েছে তার মূল কারিগর হলেন আশরাফুর রহমান ভাই। তার তৎপরতা ছাড়া এটা সম্ভব ছিল না। 

দীর্ঘ এক বছর আমরা দেখেছি, শ্রোতাদের চাহিদা ও আগ্রহের কথা বিবেচনা করে অনুষ্ঠানের পাশাপাশি নানা তৎপরতা হাতে নিয়েছে রেডিও তেহরান কর্তৃপক্ষ। মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতা, বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা, শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব, সর্বাধিক শেয়ারার, রেডিও তেহরান সহযোগী প্রভৃতি নানা প্রতিযোগিতার ব্যবস্থাপনা প্রমাণ করে শ্রোতাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রেডিও তেহরান কতটা আগ্রহী। 

এছাড়াও প্রত্যেকটি মতামতকে গুরুত্বের সাথে মূল্যায়ন করে, বাছাই করা মতামতগুলোকে পার্সটুডে ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে একজন শ্রোতাকে প্রকৃতই যথাযথভাবে সম্মান ও মর্যাদা প্রদান করেছে রেডিও তেহরান।

বর্তমানে শর্টওয়েভ জগতে রেডিও তেহরান এক উজ্জ্বল নক্ষত্ররূপে বিরাজ করছে। আশা করি এ সকল কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বর্তমানে অনুষ্ঠানমালায় আন্তর্জাতিক খবর ও ইরানের জাতীয় স্তরের খবরের দৈন্যতা লক্ষ্য করছি। ভারত-বাংলাদেশের জাতীয় খবরগুলো গুরুত্বের সাথে প্রচার করছেন; যা আমরা সহজেই স্থানীয় প্রচার মাধ্যমে পেয়ে থাকি। তাই আশা করব এমন সব খবরকে স্থান দিন যা আমরা স্থানীয় প্রচারমাধ্যমে পাই না। অন্যদিকে ইরানের জাতীয় স্তরের খবরাখবর বেশি করে প্রচার করুন, তাহলে ঐ দেশের বর্তমান পরিস্থিতি ও বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আপডেট থাকতে পারব।

অন্যদিকে ‘রংধনু আসর’ একটি সুন্দর অনুষ্ঠান সন্দেহ নেই। সেখানে খুবই সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প শোনানো হয় যা শুধু শিশুদেরই নয় বরং বড়দেরও অনেক পছন্দের। কিন্তু এর সাথে ‘গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠানটি আলাদা করে প্রচারের প্রাসঙ্গিকতা কী তা আমাদের জানা নেই! পরিবর্তে সম্ভব হলে, বর্তমান ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের নানা খবরা-খবর সম্বলিত নতুন একটি অনুষ্ঠানের প্রস্তাব রইল।

সবশেষে রেডিও তেহরানের সকল কর্মীবর্গ ও ‘প্রিয়জন’ পরিবারের সকল সদস্যদের প্রাণঢালা অভিনন্দন জানাই। আসন্ন রেডিও তেহরানের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে আমার অগ্রিম শুভেচ্ছা রইল।

মহান আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন, এই কামনা করি।

 

ধন্যবাদান্তে,

এস এম নাজিম উদ্দিন

ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও সংঘ

বারুইপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।