‘১৭ মার্চের রংধনু আসর থেকে মনোরঞ্জনের পাশাপাশি উপদেশও পেলাম’
https://parstoday.ir/bn/news/letter-i105520-১৭_মার্চের_রংধনু_আসর_থেকে_মনোরঞ্জনের_পাশাপাশি_উপদেশও_পেলাম’
সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সকল সদস্যকে এক সাগর গভীর আন্তরিকতা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লিপিকা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২২, ২০২২ ০৮:৩৫ Asia/Dhaka
  • ‘১৭ মার্চের রংধনু আসর থেকে মনোরঞ্জনের পাশাপাশি উপদেশও পেলাম’

সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান পরিবারের সকল সদস্যকে এক সাগর গভীর আন্তরিকতা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লিপিকা। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।

১৭ মার্চ রেডিও তেহরান থেকে প্রচারিত শিশু-কিশোরদের মনোরঞ্জনের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর শুনেছি। যার গ্রন্থনায় ছিলেন আশরাফুর রহমান এবং পরিবেশনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ভাই ও বোন আকতার জাহান। অনুষ্ঠানটি আমাকে দারুণভাবে আকৃষ্ট ও আহ্লাদিত করেছে। তাই আমার অনুভূতি ব্যক্ত না করে পারলাম না।

রংধনুর এ আসরটিতে ইরানের বিখ্যাত সুফী সাধক ও কবি মাওলানা জালাল উদ্দিন রুমীর বিখ্যাত গ্রন্থ মসনবী শরীফ থেকে চয়ন করা একটি মজার গল্প প্রচার করা হয়েছে। 'অন্ধকারে হাতি দেখা’ নামক গল্পটি ছিল উপদেশপূর্ণ ও শিক্ষণীয়। গল্পটির সাথে সামঞ্জস্য রেখে ধারণা বা অনুমানের ওপর নির্ভর করে কোনো মতামত দেওয়ার বিষয়ে পবিত্র কুরআনের বিধি-নিষেধ সম্পর্কে জানতে পারলাম। ধারণাপ্রসূত বা অনুমাননির্ভর কথা- সবসময় যে ঠিক নাও হতে পারে এবং জনসমাজে হেয়প্রতিপন্ন হতে হয়- সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। একজন মুসলমানের কখনো কল্পনাপ্রসূত কথা বলা ঠিক নয়- এই শিক্ষাই পেলাম।

এই আসরে মসনবী শরীফ-এর গল্পটির সারাংশ ছিল এ রকম- অনেকদিন আগে হিন্দুস্তান থেকে একদল মানুষ হাতি নিয়ে এসে বিভিন্ন খেলা দেখাত ও টাকা উপার্জন করত। শহরের লোক যখন এ খবর পেল তখন একদল লোক সবার আগে হাতি দর্শন করে অন্যদের নিকট থেকে বাহবা নিতে হাতি দেখতে গেল। কিন্তু রাত্রি হবার জন্য হাতির মালিক দেখাতে চাইল না। কিন্তু তারা জোরাজুরি করায় মালিক অন্ধকারেই হাতি দেখাতে বাধ্য হলো। কিন্তু অন্ধকারে কি হাতি দেখা সম্ভব? তারা হাতির যে যে অংশ  স্পর্শ করল সেই অংশকেই হাতির আকৃতি মনে করল এবং মানুষের কাছে সেভাবেই বর্ণনা করল। পরদিন যখন দিনের আলোতে তাঁরা হাতি দর্শন করল তাঁদের সমস্ত ধারণা ও অনুমান ভুল বলে প্রমাণিত হলো।

আমাদের সমাজেও এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ধারণা বা অনুমাননির্ভর অনেক কথা বলে। পরে যখন যাচাই-বাছাই করা হয় তখন প্রকৃত সত্য সামনে প্রকাশ হয়ে পড়ে। তখন তাঁদের সমাজে মুখ দেখানোর মতো অবস্থা থাকে না। সেই জন্য পবিত্র কুরআনুল কারিমে ধারণা বা অনুমাননির্ভর কথা বলতে নিষেধ করেছেন মহান আল্লাহ তায়ালা। এই শিক্ষণীয় গল্পটি থেকে আমাদের মনোরঞ্জনের হলো সাথে উপদেশও পেলাম।

রংধনুর আসরের শেষ প্রান্তে আবু সালমান মুহাম্মদ আম্মার রচিত একটি সুন্দর গান প্রচার করা হয়েছে যা গেয়েছে ঢাকার বন্ধু জাইমা, নাবিহা, মালিহা, তাহমিদ, পারিশা, আফরাসহ তাদের সঙ্গীরা। 

'আমরা শিশু কিশোর যারা ছোট্ট তাজা প্রাণ, গানে গানে প্রভুর পথে করব আহ্বান’- শীর্ষক গানটি বেশ মনঃপুত হয়েছে। সেই সঙ্গে ঢাকার বন্ধু সাওদা নাওয়ার আলিশার সাক্ষাৎকারটিও ছিল বেশ উপভোগ্য ও চমৎকার।

সব মিলিয়ে এই রংধনুর আসরটি ছিল একটি মনোমুগ্ধকর, উপভোগ্য ও সাপ্তাহিক সেরা অনুষ্ঠান। সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব 

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।