রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
রেডিও তেহরান: আলোর পথে আহ্বান
ছাত্র জীবনে ১৯৬৬ সালে তৎকালীন জাতীয় বেতার রেডিও পাকিস্তানের অনুষ্ঠান শোনার মধ্য দিয়ে আমার রেডিও'র শ্রোতা ভুবনে প্রবেশ। পর্যায়ক্রমে বহির্বিশ্ব থেকে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও জাপান, মস্কো রেডিও, চীন আন্তর্জাতিক বেতার, ডয়েচে ভেলে, রেডিও কায়রো, রেডিও ভেরিতাস এশিয়া এবং সৌদি আন্তর্জাতিক বেতার থেকে শর্ট ওয়েভে প্রচারিত বাংলা অনুষ্ঠানের সাথেও সম্পৃক্ত হয়ে যাই (যেগুলোর অধিকাংশের প্রচার বর্তমানে বন্ধ)।
রেডিও শোনার পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস থেকে প্রকাশিত পত্র-পত্রিকা সংগ্রহ করে পড়তাম। ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল সেন্টার থেকে প্রকাশিত আকর্ষণীয় বুলেটিন 'নিউজ লেটার'-এর গ্রাহক হয়েছিলাম। এতে সভ্যতার লীলাভূমি ইরানের সুবিখ্যাত কবি সাহিত্যিক, দার্শনিক, মুসলিম ধর্মীয় ব্যক্তিত্ব প্রমুখ মনীষীদের কথা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি, সাম্রাজ্যবাদী পরাশক্তির ষড়যন্ত্র, ফিলিস্তিনিদের উপর ইহুদিদের আগ্রাসন, শিশুশিক্ষা, ঐতিহাসিক দর্শনীয় স্থানের বিবরণ ইত্যাদি সম্পর্কে জানার অপূর্ব সুযোগ পেয়েছি।
১৯৮২ সালে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হলে কর্মজীবনের দৈনন্দিন ব্যস্ততা শেষে তা শুনতে বসতাম। এখনকার মতো শুরুতেই সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা এবং অনুষ্ঠানের মাঝে হাদিস শোনানো হতো। চিরন্তন সত্যের বাণী আজ অবধি শুনে আমার হৃদয় আলোকিত হয়।
স্মৃতিতে অনেক বছরের অনেক কথা। সময়ের স্রোতে ভেসে জীবন পরিক্রমায় আজ আমি প্রবীণ শ্রোতা। রেডিও তেহরানের গৌরবের চল্লিশ বছরে শ্রোতাদের চাহিদা, মতামত ও পরামর্শ মূল্যায়ন করে মৌলিক বিষয়গুলো নিয়মিত চালু রেখে অনুষ্ঠানমালায় অনেক পরিবর্তন ও পুনর্বিন্যাস করা হয়েছে।
প্রাত্যহিক বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ, ঢাকা ও কোলকাতার প্রতিনিধিদের প্রেরিত রিপোর্ট, দৃষ্টিপাত, দর্পন, স্বাস্থ্যকথা, রংধনু, আলাপন এবং শ্রোতাদের অতি প্রিয় 'প্রিয়জন' অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রেখে রেডিও তেহরান সকল শ্রেণীর শ্রোতাদের কাছে তার গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে।
রেডিও তেহরানের কণ্ঠস্বর হোক জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রামের আহ্বান।
রেডিও তেহরানের বর্তমান স্বর্ণোজ্জ্বল অবস্থানে নিয়ে আসতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মোঃ আফজাল আলী খান
সভাপতি, নন্দন বেতার শ্রোতা ক্লাব
মধ্য আলিপুর, পো: ফরিদপুর, ফরিদপুর, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।