গোপনে সিরিয়া সফর করলেন মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাপ্রধান
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ডার এবং ইউএস সেন্ট্রাল কমান্ড বা ‘সেন্টকম’ এর প্রধান জেনারেল জোসেফ ভোটেল গোপনে সিরিয়া সফর করেছেন। তিনি সিরিয়ার উত্তরাঞ্চল সফর করেন এবং সেখানে প্রায় ১১ ঘণ্টা অবস্থান করেন বলে মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
সেন্টকম'র মুখপাত্র জানান, সিরিয়ায় অবস্থানকালে জেনারেল ভোটেল মার্কিন উপদেষ্টা, দামেস্ক সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী, এবং সিরিয়া ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন ওই মুখপাত্র।
সফরের পর জেনারেল ভোটেল বলেন, দায়েশ বিরোধী লড়াইয়ের জন্য স্থানীয়দের প্রশিক্ষণ দেয়ার কাজ সঠিকভাবে চলছে। প্রশিক্ষণ সঠিকভাবে কাজ করছে বলেও মনে করেন তিনি।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কথিত মধ্যপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে মার্কিন স্পেশাল ফোর্স। ২০১২ সালে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের প্রশিক্ষণ দিয়েছে।
দায়েশ বর্তমানে সিরিয়া এবং ইরাকের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে। বর্তমানে প্রতিবেশী দেশগুলোতেও তৎপরতা শুরু করেছে দায়েশ।#
পার্সটুডে/মূসা রেজা/২২