ইয়েমেনি পাল্টা হামলার ভয়
আমেরিকা এফ-২২ জঙ্গিবিমান পাঠিয়েছে আরব আমিরাতে
-
মার্কিন এফ-২২ জঙ্গিবিমান
ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের ওপর পাল্টা হামলা জোরদার করার প্রেক্ষাপট আমেরিকা পারস্য উপসাগরীয় মিত্র দেশ আরব আমিরাতে বেশ কিছুসংখ্যক এফ-২২ জঙ্গিবিমান পাঠিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল-জাফরা বিমানঘাঁটিতে মার্কিন এফ-২২ বিমান পৌঁছেছে। ওই ঘাঁটিতে আমেরিকার ২০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মাধ্যমে মূলত আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের প্রতি তার সমর্থনের কথা প্রকাশ করল।
মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সমন্বয় করে পঞ্চম প্রজন্মের এসমস্ত বিমান আমিরাতের বিমান ঘাঁটিতে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
তবে কতসংখ্যক বিমান ও বৈমানিক সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে তা মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করেন নি। অবশ্য, মার্কিন বিমান বাহিনী একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে আরব আমিরাতের আল-জাফরা বিমানঘাঁটিতে ৬টি এফ-২২ বিমান দাঁড়িয়ে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।