সিরিয়া থেকে কোনো শর্ত ছাড়া সেনা প্রত্যাহার করুন: ওয়াশিংটনকে তেহরান
https://parstoday.ir/bn/news/west_asia-i105660-সিরিয়া_থেকে_কোনো_শর্ত_ছাড়া_সেনা_প্রত্যাহার_করুন_ওয়াশিংটনকে_তেহরান
দখলদার মার্কিন সেনারা সিরিয়ার প্রাকৃতিক সম্পদ, অপরিশোধিত তেল এবং কৃষিজাতপণ্য লুটপাটের ঘটনা অব্যাহত রাখায় কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০২২ ১৩:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলো থেকে লুটপাট করছে মার্কিন সেনারা
    সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলো থেকে লুটপাট করছে মার্কিন সেনারা

দখলদার মার্কিন সেনারা সিরিয়ার প্রাকৃতিক সম্পদ, অপরিশোধিত তেল এবং কৃষিজাতপণ্য লুটপাটের ঘটনা অব্যাহত রাখায় কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি এই নিন্দা জানিয়ে আরব দেশটি থেকে দখলদার মার্কিন সেনাদের দ্রুত প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনাসহ সমস্ত বিদেশি সেনাকে দ্রুত এবং নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে।

মাজিদ তাখতে রাভানচি বলেন, সিরিয়ার যে সমস্ত এলাকায় মার্কিন সেনারা দখলদারিত্ব কায়েম করেছে সেসব এলাকার প্রাকৃতিক সম্পদ বিশেষ করে তেল এবং কৃষিজাতপণ্য লুটপাট করছে; এর বিরুদ্ধে ইরান আবারো নিন্দা জানায়। এটি সম্পূর্ণভাবে সিরিয়ার সার্বভৌমত্ব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের চরম লঙ্ঘন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মাজিদ তাখতে রাভানচি এসব কথা বলেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি

তিনি জোর দিয়ে বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে চূড়ান্তভাবে নির্মূল করা এবং দখলদার বিদেশি সেনাদের উপস্থিতির অবসান না হওয়া পর্যন্ত সিরিয়া সংকটের সমাধান হবে না। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডত্বকে বিপদাপন্ন করে তোলার কোন সুযোগ নেই। ফলে সিরিয়া থেকে মার্কিন সেনাসহ সমস্ত বিদেশি ও দখলদার সেনা প্রত্যাহার একান্তই অপরিহার্য। এক্ষেত্রে কোনো পূর্বশর্ত গ্রহণযোগ্য নয়।

সিরিয়ার পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনী দখলদারিত্ব কায়েম করেছে। পেন্টাগন দাবি করে আসছে, এসব অঞ্চলের তেল যাতে দায়েশ সন্ত্রাসীদের হাতে না পড়ে সেজন্য তারা সেখানে সেনা মোতায়েন করে রেখেছে। কিন্তু দামেস্ক সরকার বলছে, দেশের তেল সম্পদ লুটপাট করার জন্য আমেরিকা এসব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫