ইসলামী জিহাদ আন্দোলনের মন্তব্য
ফিলিস্তিনি শহীদদের রক্ত ইসরাইলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের পথ দেখাবে
-
শহীদ ফিলিস্তিনিদের লাশ নিয়ে শোক মিছিল
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে সমস্ত হত্যাকাণ্ড চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, শহীদের রক্তের সিঁড়ি বেয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে এবং পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখলদার মুক্ত হবে।
গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে সংগঠনটি এসব কথা বলেছে। সংগঠনটি বলেছে, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব বায়তুল মোকাদ্দাসে দখলদার ইসরাইলের অপরাধযজ্ঞ কখনো তেল আবিব সরকারকে নিরাপত্তা দেবে না এবং ইসরাইলের কর্মকর্তারাও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধের হাত থেকে কখনো নিরাপদ থাকবে না।
ফিলিস্তিনি নিরস্ত্র সাধারণ মানুষের ওপর গত কয়েকদিনের হত্যাকাণ্ড ইহুদিবাদী ইসরাইলের কুৎসিত চেহারা উন্মোচন করেছে বলেও জিহাদ আন্দোলন তার বিবৃতিতে উল্লেখ করেছে।
ফিলিস্তিনের যেসব যোদ্ধা ইহুদিবাদী সেনাবাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাদের প্রশংসা করে জিহাদ আন্দোলন বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই এবং প্রতিরোধ সংগ্রাম জোরদার করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
২৪ ঘন্টায় ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে ১৪ বছরের একটি কিশোর রয়েছে। মুসলমানেরা যখন পবিত্র রমজান মাসে রোজা ব্রত পালন করছেন তখন ইহুদিবাদী ইসরাইল এই হত্যাযজ্ঞ চালাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৫